যুক্তরাষ্ট্রের চাপে আইসিসি ছাড়ার পথে তাজিকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে তাজিকিস্তান। যুক্তরাষ্ট্রের আহ্বান ও চাপের মুখে দেশটির এ সিদ্ধান্তে

2026-11-23T21:03:57+00:00
2026-11-23T21:03:57+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের চাপে আইসিসি ছাড়ার পথে তাজিকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:০৩ পিএম 
আন্তর্জাতিক অপরাধ আদালত। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক অপরাধ আদালত। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে তাজিকিস্তান। যুক্তরাষ্ট্রের আহ্বান ও চাপের মুখে দেশটির এ সিদ্ধান্তে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) আইসিসির পরিচালনা পর্ষদের সভাপতির এক বিবৃতিতে তাজিকিস্তানের সরে যাওয়ার প্রক্রিয়া শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, আদালতটি থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের জন্য এক বছর মেয়াদি প্রক্রিয়া শুরু করেছে দেশটি।

যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে আইসিসি ছাড়ার ঘোষণা দেওয়া দেশের তালিকায় তাজিকিস্তান চতুর্থ। এর আগে চাদ, ভেনেজুয়েলা ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু একই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে আইসিসি থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে আদালতটি বিলুপ্ত করার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরুর কথাও জানায় ওয়াশিংটন।

তাজিকিস্তানের সঙ্গে আইসিসির বিরোধের পেছনে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর। ২০২৫ সালে পুতিন তাজিকিস্তান সফরে গেলেও তাকে গ্রেফতার করেনি দেশটি। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। এ ঘটনায় চলতি বছরের মার্চে তাজিকিস্তানের সমালোচনা করে আদালতটি।

এর আগে ২০২৪ সালে বুরকিনা ফাসো, মালি ও নাইজারও আইসিসি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। আদালতটিকে ‘নব্য উপনিবেশবাদী দমন-পীড়নের’ হাতিয়ার হিসেবে আখ্যা দিয়েছিল দেশগুলো।

আইসিসি বিশ্বের স্থায়ী যুদ্ধাপরাধবিষয়ক আদালত। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে সংস্থাটি। কোনো দেশের নিজস্ব বিচারব্যবস্থা এসব অপরাধের বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হলে আইসিসি সেই বিচারপ্রক্রিয়া পরিচালনা করতে পারে।


আইসিসির পরিচালনা পর্ষদের সভাপতির বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, একের পর এক দেশের সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত সম্মিলিতভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগকে দুর্বল করে দিতে পারে। পাশাপাশি অপরাধের দায়মুক্তি বন্ধে বৈশ্বিক প্রচেষ্টাও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো দেশ আইসিসি থেকে সরে গেলেও সদস্য থাকাকালে সৃষ্ট দায়বদ্ধতা বহাল থাকবে।

বর্তমানে আইসিসির সদস্যদেশ ১২৫টি। এর মধ্যে সাতটি দেশ আনুষ্ঠানিকভাবে আদালতটি থেকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে এক বছর সময় লাগবে।

সূত্র : রয়টার্স 

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  তাজিকিস্তান  আইসিসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: