প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম
ছবি : সংগৃহীত ইন্দোনেশিয়ায় একটি কনফেকশনারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের জীবিত উদ্ধারের আশায় পুড়ে যাওয়া কারখানার ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
রাজধানী জাকার্তা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বান্তেন প্রদেশের সিকান্দে এলাকায় অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া কনফেকশনারি কারখানার একটি ভবনে শনিবার সন্ধ্যায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার সাংবাদিকদের প্রেসিডেন্টের শ্রমবিষয়ক উপদেষ্টা সাইদ ইকবাল বলেন, কারখানাটিতে আগুনে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ভবনের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির জনশক্তিবিষয়ক মন্ত্রী ইয়াসিয়েরলি জানান, কারখানাটির নিরাপত্তাব্যবস্থা ও বিধি মানার বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। তবে কারখানার মালিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি ফুড এ ঘটনায় মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউনাইটেড ফ্যামিলি ফুডে প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করেন। দেশটির ভোগ্যপণ্যের বাজারে প্রতিষ্ঠানটি বড় সরবরাহকারী। বিদেশেও তাদের চারটি কার্যালয় রয়েছে। জনপ্রিয় কনফেকশনারি ব্র্যান্ড মিল্কিতা ও ইনস্ট্যান্ট নুডলস লেমনিলো প্রতিষ্ঠানটির পণ্য।
কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভেন এরউইন উইজায়া জানান, শনিবার আগুন লাগার সময় ভবনটিতে প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করছে কর্তৃপক্ষ। এ জন্য নিখোঁজ শ্রমিকদের স্বজনদের সোমবার দেশটির পুলিশের পরিচালিত একটি হাসপাতালে অপেক্ষা করতে দেখা যায়। তাদের মধ্যে ছিলেন ইয়ানি মারিয়ানির স্বজন ফিতরি। তিনি ইয়ানির পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিতে ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন।
ফিতরি জানান, ইয়ানি কারখানার একটি বদ্ধ জায়গায় কাজ করতেন। সেখানে কয়েক ডজন মানুষ ছিলেন, যারা আগুনের সময় বের হতে পারেননি বলে ধারণা করছেন তিনি।
ফিতরি বলেন, ‘জায়গাটি বদ্ধ ছিল, ভেতরে কয়েক ডজন মানুষ ছিলেন; যারা বের হতে পারেননি। ভেতরে কী ঘটে থাকতে পারে, তা আমরা জানি না। কারণ আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।’
সময়ের আলো/এসএকে