গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের দায় ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকার পরিবেশ ভয়াবহভাবে দূষিত হয়েছে। উপত্যকাটির ৯৯ শতাংশের বেশি এলাকায় বিস্ফোরক ও অগ্নিসংযোগকারী অস্ত্র ব্যবহারের

2026-11-23T17:58:41+00:00
2026-11-23T17:58:41+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অক্সফামের প্রতিবেদন
গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের দায় ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম 
গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের রাস্তায় ছড়িয়ে পড়া পয়োবর্জ্যের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ইসরায়েলের বিমান ও স্থল হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ছবি : আলজাজিরা
ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকার পরিবেশ ভয়াবহভাবে দূষিত হয়েছে। উপত্যকাটির ৯৯ শতাংশের বেশি এলাকায় বিস্ফোরক ও অগ্নিসংযোগকারী অস্ত্র ব্যবহারের কারণে পরিবেশে বিষাক্ত দূষণ ছড়িয়ে পড়েছে। এতে পানি, মাটি, বাতাস ও খাদ্যদ্রব্য দূষিত হয়ে ২৩ লাখ মানুষের জীবন ও স্বাস্থ্য দীর্ঘমেয়াদি ঝুঁকিতে পড়েছে।  

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম এবং কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির (সিইওবিএস) এক নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযানে গাজা কার্যত বিষাক্ত বর্জ্যভূমিতে পরিণত হয়েছে। ভবন ও অবকাঠামো ধ্বংস, বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং অপরিশোধিত পয়োবর্জ্যের কারণে পরিবেশের বিভিন্ন উপাদানে দূষণ ছড়িয়ে পড়েছে। বাতাস, পানীয় জল, খাদ্য এবং দূষিত মাটি ও ধ্বংসস্তূপের সংস্পর্শে এসে ফিলিস্তিনিরা এসব বিষাক্ত পদার্থের শিকার হচ্ছেন।

অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, গাজায় ইসরায়েলের চলমান অভিযান পরিবেশের ওপরও সামরিক আঘাত হানছে। এর ফলে এমন পরিবেশগত যুদ্ধাপরাধের ঝুঁকি তৈরি হয়েছে, যার প্রভাব এখনকার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে।

তিনি বলেন, গাজার পরিবেশ ধ্বংস ও দূষণের ফলে মানুষের নিরাপত্তা ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দূষিত বাতাস, পানি, খাবার এবং ধ্বংসস্তূপের সংস্পর্শে এসে ফিলিস্তিনিরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ

প্রতিবেদনে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় প্রায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। বর্তমানে উপত্যকাটিতে বসবাসকারী প্রত্যেক মানুষের হিসাবে এর পরিমাণ প্রায় ২৯ টন।

অক্সফামের হিসাবে, এসব ধ্বংসস্তূপ সরাতে প্রায় ২১ লাখ ট্রাকভর্তি বর্জ্য অপসারণ করতে হবে। গাজার ৩৬৫ বর্গকিলোমিটার আয়তনের মধ্যে ২০২৫ সালের ১১ অক্টোবর পর্যন্ত প্রায় ২৮৩ বর্গকিলোমিটার এলাকা ইসরায়েলি স্থল অভিযানের সরাসরি প্রভাবের মধ্যে ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, অবিস্ফোরিত গোলাবারুদ, ক্ষতিগ্রস্ত যানবাহন, ব্যাটারি ও জ্বালানির মজুত থেকে মাটি ও ভূগর্ভস্থ পানিতে বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গাজা সিটি, খান ইউনিস, রাফাহ, জাবালিয়া এবং সালাহ আল-দিন সড়কসংলগ্ন এলাকায় দূষণের ঝুঁকি সবচেয়ে বেশি।

পানির সংকট ও পয়োবর্জ্যে বাড়ছে দূষণ 

ইসরায়েলি হামলার আগে গাজায় দৈনিক পানির সরবরাহ ছিল ৩ লাখ ৩৪ হাজার ১০৭ ঘনমিটার। ২০২৪ সালের জুনে তা কমে দাঁড়ায় ৫৪ হাজার ৭৪৭ ঘনমিটারে, যা প্রায় ৮৪ শতাংশ কম। ২০২৬ সালের এপ্রিলে জরুরি মেরামতের মাধ্যমে সরবরাহ বেড়ে ১ লাখ ৩০ হাজার ৩১৫ ঘনমিটার হলেও তা যুদ্ধের আগের তুলনায় ৬১ শতাংশ কম। 

গাজার ছয়টি পয়োবর্জ্য শোধনাগারের সব কটিই ২০২৪ সালের এপ্রিলের মধ্যে ধ্বংস হয়ে যায়। প্রতিদিন প্রায় ৪০ হাজার ঘনমিটার অপরিশোধিত পয়োবর্জ্য ভূমধ্যসাগরে গিয়ে পড়ছে। অন্যদিকে, পয়োনিষ্কাশন ব্যবস্থার মাত্র ৩০ শতাংশ আংশিকভাবে সচল রয়েছে।

২০২৬ সালের জুলাইয়ে গাজার ৭৯টি ভূগর্ভস্থ পানির কূপ পরীক্ষা করে ১৫টিতে মলজাতীয় ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। একই পরীক্ষায় ৭৯টি কূপের মধ্যে ৬১টির পানিতে দ্রবীভূত কঠিন পদার্থের মাত্রা প্রতি লিটারে এক হাজার মিলিগ্রামের বেশি পাওয়া গেছে।

গাজার পূর্বাঞ্চলের জেইতুন এলাকার পূর্বে ইয়েলো লাইনের কাছে ফিলিস্তিনি পরিবারগুলোর বসবাসের বাড়িঘরের ধ্বংসাবশেষ। ছবি : আলজাজিরা

গাজার পূর্বাঞ্চলের জেইতুন এলাকার পূর্বে ইয়েলো লাইনের কাছে ফিলিস্তিনি পরিবারগুলোর বসবাসের বাড়িঘরের ধ্বংসাবশেষ। ছবি : আলজাজিরা

 

কৃষিজমির ৮৭ শতাংশের বেশি ক্ষতিগ্রস্ত

যুদ্ধের আগে গাজার মানুষের তাজা সবজির চাহিদার প্রায় ৯৫ শতাংশ স্থানীয় কৃষি উৎপাদন থেকে পূরণ হতো। কিন্তু ২০২৫ সালের শেষ নাগাদ উপত্যকাটির ৮৭ শতাংশের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্সফামের হিসাবে, মাত্র ৩ শতাংশ কৃষিজমি ব্যবহারযোগ্য ও অক্ষত রয়েছে।

এ ছাড়া সাত হাজার ২০০টির বেশি গ্রিনহাউস ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৪ সালের অক্টোবরের মধ্যে এক লাখের বেশি নয়, বরং ১০ লাখের বেশি জলপাইগাছ উপড়ে ফেলার তথ্য জানিয়েছে জাতিসংঘ। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার গবাদিপশুর প্রায় ৯৫ শতাংশ হারিয়ে গেছে এবং মাছ ধরার কার্যক্রমেও ব্যাপক ধস নেমেছে। ২০২৩ সালের আগের তুলনায় ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দৈনিক মাছ ধরার পরিমাণ কমে দাঁড়ায় মাত্র ৭ দশমিক ৩ শতাংশে।

২০২৬ সালের জুলাইয়ে গাজার প্রায় ১২ লাখ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার ৫৯ শতাংশ তীব্র খাদ্যসংকটের মুখে ছিল।

বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

দূষিত পানি, বাতাস ও খাবারের কারণে গাজায় বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গাজায় তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণের ১৯ লাখের বেশি ঘটনা এবং পানির মতো পাতলা পায়খানার প্রায় ৮১ হাজার ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬ হাজারের বেশি আক্রান্তের বয়স পাঁচ বছরের কম। 

২০২৪ সালে গাজার পয়োবর্জ্যের পানিতে পোলিও ভাইরাস শনাক্ত হয়। পরে এক শিশুর শরীরে পক্ষাঘাত সৃষ্টিকারী পোলিও রোগ ধরা পড়ে। গাজায় ২৫ বছরের মধ্যে এটিই ছিল প্রথম শনাক্ত হওয়া পোলিও আক্রান্তের ঘটনা।

পুনর্গঠনে প্রয়োজন ৭১.৪ বিলিয়ন ডলার

প্রতিবেদনে বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ মূল্যায়নের তথ্য তুলে ধরে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত গাজায় সরাসরি অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৩৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং অর্থনৈতিক ক্ষতি ২২ দশমিক ৭ বিলিয়ন ডলার।

গাজা পুনরুদ্ধার ও পুনর্গঠনে আগামী ১০ বছরে ৭১ দশমিক ৪ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। এর মধ্যে প্রথম ১৮ মাসেই প্রয়োজন হবে ২৬ দশমিক ৩ বিলিয়ন ডলার। 

অক্সফাম বলেছে, গাজার পরিবেশগত ক্ষতি ও দূষণের ঝুঁকি নিরূপণে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত প্রয়োজন। সংস্থাটি দূষণের উৎস শনাক্ত, ঝুঁকিপূর্ণ এলাকা পরীক্ষা, জরুরি অবকাঠামো মেরামত, বিষাক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি পরিবেশ পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র : আলজাজিরা 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   গাজা  ইসরায়েল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: