দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সংগীতানুষ্ঠান। খুব শিগগিরই ঘোষণা করা হবে কনসার্টের ভেন্যু।
আয়োজকরা বলছেন, ২০২৫ সালের স্থগিত হওয়া কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে যাচাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে।
২০২৫ সালের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। টিকিট বিক্রি থেকে শুরু করে মঞ্চ নির্মাণ- সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে অনুষ্ঠানটি নির্ধারিত সেসময় স্থগিত করা হয়।
কনসার্ট স্থগিত হওয়ার পর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল করা হয়নি; বরং অনুকূল পরিস্থিতিতে পুনরায় আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে আশ্বাস দেন যে তিনি আবারও বাংলাদেশে ফিরবেন।
অবশেষে সেই প্রতিশ্রুতির প্রতীক্ষার অবসান হলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র এবং অন্যান্য আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যারা টিকিটের অর্থ ফেরতের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ গ্রহণ করেননি, তারাও আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের সুযোগ পাবেন। যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে।
অন্যদিকে নতুন দর্শকদের জন্য সীমিতসংখ্যক টিকিট বিক্রি করা হবে। টিকিটের মূল্য, শ্রেণি ও বিক্রির তারিখ শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক কাজী রাফসান বলেন, ‘গত বছর কনসার্ট স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই এই আয়োজন আবার ফিরিয়ে আনব। গত কয়েক মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘এটি শুধু একটি আন্তর্জাতিক সংগীতানুষ্ঠান নয়, এটি দর্শকদের প্রতি দেওয়া আমাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাদের আস্থা ও ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই নতুন টিকিট দেওয়া হবে।’
দীর্ঘ বিরতির পর আতিফ আসলামের এই কনসার্ট দেশের সংগীতপ্রেমীদের জন্য স্মরণীয় এক আয়োজন হয়ে উঠবে বলে আশাবাদী আয়োজক প্রতিষ্ঠানটি।
সময়ের আলো/জেডি