ইউরোপের খাদ্যসংস্কৃতির আলোচনায় ইতালি ও ফ্রান্সের নাম বেশি শোনা গেলেও স্পেনও একেবারে পিছিয়ে নেই। দেশটির খাবারে যেমন রয়েছে স্থানীয় উপাদানের স্বাদ, তেমনি আছে গ্রামীণ ঐতিহ্যের ছাপ। সামুদ্রিক খাবার, মাংস, ভাত, রুটি কিংবা স্যুপ- সব ক্ষেত্রেই পর্যটকদের পাতে ভিন্ন স্বাদ আনতে তাদের আন্তরিকতা চোখে পড়ার মতো। তাই স্পেন গিয়ে কয়েকটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার না খেলে ভ্রমণের অভিজ্ঞতাই যেন অপূর্ণ থেকে যায়। চলুন জেনে নেওয়া যাক এমন ৭টি স্প্যানিশ খাবারের কথা, যেগুলো ভ্রমণে গেলে একদম মিস করবেন না।
পায়েলা ভ্যালেন্সিয়ানা
স্পেনের সবচেয়ে পরিচিত খাবারের তালিকায় পায়েলার নাম সবার ওপরে থাকবে। এর জন্ম ভ্যালেন্সিয়া অঞ্চলে। ঐতিহ্যবাহী পায়েলা ভ্যালেন্সিয়ানায় সাধারণত খরগোশ ও মুরগির মাংস ব্যবহার করা হয়, যদিও সিফুড পায়েলাও সমান জনপ্রিয়। বোম্বা জাতের চাল, টমেটো, মটরশুঁটি, বিশেষ ধরনের সাদা শিম এবং খাবারে রঙের জন্য ব্যবহৃত জাফরানের সমন্বয়ে তৈরি এই পদ রঙ ও স্বাদ- দুই দিক থেকেই অনন্য। স্পেনে এটি মূলত দুপুরের খাবার হিসেবে পরিবেশন করা হয়।
পাতাতাস ব্রাভাস
এটি স্পেনের জনপ্রিয় একটি অ্যাপিটাইজার। সাধারণ আলুভাজাকে স্পেনীয়রা অসাধারণভাবে উপস্থাপন করে পাতাতাস ব্রাভাসের মাধ্যমে। কিউব করে কাটা আলু সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে তার ওপর ঢেলে দেওয়া হয় ঝাঁঝালো ব্রাভা সস। সসটি বিভিন্ন ধরনের হতে পারে। কোথাও এটি ঝাল টমেটো কেচাপ, আবার কোথাও পাপরিকা ছিটানো রসুনের মেয়োনিজ অথবা দুটিই।
গাজপাচো
এটি এক ধরনের ঠান্ডা স্য়ুপ। আন্দালুসিয়া অঞ্চলের এই ঠান্ডা টমেটো স্যুপ গ্রীষ্মের প্রচণ্ড গরমে খুব জনপ্রিয়। টমেটোর সঙ্গে এতে থাকে মরিচ, রসুন, রুটি এবং প্রচুর অলিভ অয়েল।
টরটিয়া
স্প্যানিশ টরটিয়া মূলত এক ধরনের অমলেট। রেডমিট দিয়ে তৈরি সসেজ, মরিচ, পেঁয়াজসহ অন্যান্য উপকরণ দিয়েও এটি তৈরি করা যায়। তবে খাদ্যরসিকরা হয়ত বলবেন, আসল টরটিয়ার প্রধান উপাদান শুধু আলু ও ডিম। ছোট ছোট করে কাটা আলু হালকা ভেজে ডিমের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় এই খাবার, যা উচ্চ তাপে ভাজা হয়।
আলবোন্ডিগাস
আলবোন্ডিগাস হলো স্প্যানিশ ধাঁচের মিটবল। সাধারণত টমেটো সসে রান্না করা হলেও অঞ্চলভেদে এর নানা রূপ দেখা যায়। কোথাও মিটবল বাদামের তৈরি ঘন সসে পরিবেশন করা হয়, যেখানে টমেটোর ব্যবহারই থাকে না। এই খাবার স্পেনজুড়ে খাওয়া হয়।
মিগাস
স্পেনের কৃষিজীবী সমাজের ঐতিহ্য বহন করে মিগাস। শুকনো পাউরুটির টুকরো বিভিন্ন মসলা দিয়ে ভেজে তৈরি করা হয় এই পদ। তারপর সসেজ বা বেকন পরিবেশন করা হয়। একসময় এটি ছিল কৃষকদের সাধারণ খাবার, কিন্তু এখন আধুনিক ও অভিজাত রেস্তোরাঁর মেনুতেও জায়গা করে নিয়েছে।
বাকালাও স্টু
লবণ দিয়ে সংরক্ষণ করা কড মাছ বা বাকালাও স্প্যানিশ রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান। অতীতে জেলেরা নরওয়ে ও নিউফাউন্ডল্যান্ডের মতো দূরবর্তী অঞ্চল থেকে এই মাছ নিয়ে এসেছিলেন। রান্নার আগে মাছটি দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে অতিরিক্ত লবণ দূর করা হয়। এরপর টমেটো, আলু, অলিভ ও পেঁয়াজ দিয়ে তৈরি হয় সুস্বাদু বাকালাও স্টু, যা স্পেনের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম।
যেকোনও দেশে ভ্রমণে গেলে সেখানকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ অবশ্যই নেওয়া উচিত। না হলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। তাই স্পেনে গেলে এসব খাবার অবশ্যই চেখে দেখার চেষ্টা করবেন।
সময়ের আলো/মহু