কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ধামশ্রেনী ইউনিয়নের বিষ্ণুবল্লভ সোবহান বাজার এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি ধামশ্রেনী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজের উপর মোখলেছুর রহমানসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম করেন। তারা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনগণের মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করেন। এতে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। পরে ওই ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘বিজ্ঞ আদালতের মাধ্যমে রফিকুল ইসলামকে জেল হাজতে পাঠানো হয়েছে।’
সময়ের আলো/মহু