চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজার থেকে ইয়াবা ও গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) মধ্যরাতে পৌরসভার সানমুন ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজম (৫০) ও তাঁর ছেলে ফাহিম (২১)। বর্তমানে তাঁরা বিবিরহাট এলাকার একটি বাসায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক লেনদেনের অভিযোগে বাবা-ছেলেকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৪৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, উদ্ধার হওয়া মাদকের ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আতা