মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন দক্ষিণি সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। হাতে থাকা কাজগুলো শেষ করেই লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে বিরতি নেবেন তিনি। মাতৃত্বস্বাদ গ্রহণ করে ফিরবেন অভিনয়ে।
সম্প্রতি মুক্তি পাওয়া অভিনেত্রীর নতুন চলচ্চিত্র ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার কথা স্বীকার করেন সামান্থা। তিনি বলেন, আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কিছু দিনের বিরতি নেওয়া জরুরি। আমাকে মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। তারপর আমি আবার আমার ভক্ত-অনুরাগীদের জন্য নতুন সিনেমা নিয়ে ফিরব।
সামান্থা যখন এই সুখবরটি দিচ্ছিলেন, তখন তার পাশেই বসেছিলেন স্বামী তথা বলিউডের প্রখ্যাত পরিচালক রাজ নিডিমোরু এবং তার মুখেও ছিল চওড়া হাসি। উপস্থিত সবাই এই দম্পতিকে আন্তরিক শুভেচ্ছা জানান।
বেশ কিছু দিন আগে ‘মা ইনতি বঙ্গারাম’ সিনেমার প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সামান্থা। দেখা যায়, তার পরনে ছিল আসমানি রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট। সেখানে অভিনেত্রীর স্ফীতোদরের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশ্যে আসে। এরপরই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে।
নেটিজেনদের একাংশ শুভেচ্ছা জানাতে শুরু করেন সামান্থাকে। নেটিজেনদের দাবি সামান্থার স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। এক নেটিজেন লিখেন আমি খুশিতে কাঁদছি। আরেক নেটিজেন লিখেছেন সামান্থা এবার প্রাণভরে আনন্দে থাকুক।
সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও পোক্ত হয় তার এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। সূত্র জানায়, সত্যিই অভিনেত্রী মা হতে চলেছেন। এ প্রসঙ্গে সামান্থা এতদিন চুপ থাকলেও অবশেষে সম্প্রতি মুখ খোলেন তিনি। ২৪ জুন অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিনেত্রী জানান, তিনি মা হতে চলেছেন। এর পাশাপাশি তিনি শুটিং থেকে বিরতি নেওয়ার কথা জানান।
সামান্থা ও রাজের বিয়ে সম্পন্ন হয়েছিল ২০২৫ সালের ১ ডিসেম্বর। কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে অত্যন্ত অন্তরঙ্গ এক আয়োজনের মধ্য দিয়ে তারা বিয়ের পিঁড়িতে বসেন এবং সেদিনই ইনস্টাগ্রামে বিয়ের কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামান্থা। এর আগে তারা দুজনে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ একসঙ্গে কাজ করেছিলেন।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও