চতুর্থবারের মতো মেহেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা চালানো হয়েছে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর কড়া বাধার মুখে পিছু হটে ওই ৩ জনকে পুনরায় ভারতে ফেরত নিতে বাধ্য হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আন্তর্জাতিক প্রধান সীমানা পিলার ১৩৬ নম্বরের কাছে ১৩৫/৭ এস পিলারের কাঁটাতারের গেট পার করে দুই পুরুষ ও এক নারীকে বাংলাদেশ অভিমুখে পাঠিয়ে দেয় বিএসএফ। ভোরে তারা ধলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল ও স্থানীয় গ্রামবাসী তাদের বাধা দেন।
বাধা পেয়ে ওই ৩ জন দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থান করেন। পরবর্তীতে বিজিবির কঠোর অবস্থানের কারণে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ওই ৩ জনকে পুনরায় কাঁটাতারের ওপারে ভারতে ফেরত নেয় বিএসএফ।
ধলা বিওপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো ওই দুই পুরুষ ও এক নারীর নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিজিবি কিংবা বিএসএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।
সময়ের আলো/ইউএমএইচ