বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এই সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই আমরা ব্যর্থ হব না। আমরা দেশকে নতুন করে ঢেলে সাজাব। ব্যর্থতার জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে জঞ্জাল পরিষ্কার করে নতুন বাংলাদেশ তৈরি করব বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, ৪৮টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। সংস্কৃতি নতুন মাত্রায় এগিয়ে নেওয়া হবে। বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন, আর্থিক প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। সেগুলো নতুন জাগানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সেই জায়গাগুলোতে কাজ করছি। এদেশের সংস্কৃতি রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কাজ চলছে।
জেলার শিল্পকলা অ্যাকাডেমিতে নতুন করে সুস্থ ধারার যাত্রা আবারও শুরু হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিগত দিনের অশ্লীল যাত্রা বাদ দিয়ে জীবনমুখী যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সময়ের আলো/জোই