শীর্ষ ৩ পদই শূন্য : স্থবিরতায় ময়মনসিংহ শিক্ষাবোর্ড, আলোচনায় আওয়ামীপন্থিরা

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রকসহ শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

2026-06-26T17:24:49+00:00
2026-06-26T17:24:49+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
সারাদেশ
শীর্ষ ৩ পদই শূন্য : স্থবিরতায় ময়মনসিংহ শিক্ষাবোর্ড, আলোচনায় আওয়ামীপন্থিরা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:২৪ পিএম 
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি : সময়ের আলো
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রকসহ শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। প্রধান এই তিন কর্মকর্তা না থাকায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কর্মকাণ্ডে চরম স্থবিরতা দেখা দিয়েছে, যার ফলে ব্যাহত হচ্ছে দাফতরিক কার্যক্রম।

তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সরকারের উচ্চপর্যায়ে আলোচনাধীন রয়েছে। 

সরেজমিনে ময়মনসিংহ শিক্ষাবোর্ড পরিদর্শনে গিয়ে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বোর্ড সূত্র জানায়, একের পর এক শীর্ষ কর্মকর্তাদের অবসরে যাওয়া এবং বদলির কারণে এই শূন্যতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে ২৩ মে বোর্ডের সাবেক চেয়ারম্যান অবসরে যান। ১৩ মে চেয়ারম্যান অবসরে যাওয়ার ১০ দিন আগে অবসরে চলে যান বোর্ড সচিব। গত ১০ জুন সর্বশেষ চলতি মাসের ১০ তারিখে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ও বদলি হন। বর্তমানে এই শীর্ষ পদগুলোতে কোনো স্থায়ী কর্মকর্তা না থাকায় ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে বোর্ডের কার্যক্রম।

গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় বোর্ডের নিয়মিত ও জরুরি ফাইল আটকে থাকছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বোর্ডের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের।

বোর্ডে কাজে আসা মো. আব্দুল হামিদ নামের এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, বোর্ডে প্রতিদিন শত শত শিক্ষক ও শিক্ষার্থী অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আসেন। কিন্তু শীর্ষ ৩টি পদ শূন্য থাকার কারণে বর্তমানে অনেক কাজ আটকে আছে। সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরতে হচ্ছে, যার ফলে ভোগান্তি চরমে পৌঁছেছে।

এদিকে পদগুলো শূন্য হওয়ার পর থেকেই নতুন নিয়োগ পেতে শুরু হয়েছে জোর তদবির। জানা গেছে, চেয়ারম্যান পদের জন্য বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক এস.এম আরিফুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতররের যুগ্ম পরিচালক অধ্যাপক ইদ্রিস আলী, শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম রেজাউল করিম খান, আনন্দ মোহন কলেজের অধ্যাপক একেএম সামসুজ্জামান এবং প্রফেসর কাজী কাইয়ূম শিশিরসহ প্রায় দুই ডজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে।

এছাড়া সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক পদের জন্য প্রায় অর্ধশত প্রার্থী আবেদন জমা দিয়েছেন। তবে প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড নিয়ে সাধারণ শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে।


শিক্ষক নেতা আব্দুস সাত্তার অভিযোগ করে জানান, আবেদনকারীদের মধ্যে অনেকেই বিগত সরকারের সময়ে বেশ সুবিধাজনক অবস্থানে ছিলেন। কেউ কেউ সরাসরি আওয়ামীপন্থি শিক্ষক সংগঠনের শীর্ষ পদেও ছিলেন। কিন্তু দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এখন তারা খোলস বদলে (ভোল্ট পাল্টিয়ে) বর্তমান ক্ষমতাসীন দলের আশীর্বাদ পাওয়ার জন্য জোর দৌড়ঝাঁপ ও লবিং চালাচ্ছেন।

বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষাবিদদের দাবি, কোনো রাজনৈতিক তদবির বা বিতর্কিত অতীত দেখে নয়, বরং দ্রুততম সময়ে সৎ, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের এই তিন পদে পদায়ন করে বোর্ডের অচলাবস্থা দূর করা হোক।

অভিযোগ উঠেছে, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক এস.এম আরিফুর রহমান আওয়ামীপন্থি শিক্ষক সংগঠনের নেতা। তিনি আনন্দ মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় ১৫ আগস্ট উদযাপন কমিটির নেতৃত্ব দিয়েছেন বলেও দাবি সূত্রের। 

তবে অভিযোগটি অস্বীকার করেছেন এস. এম আরিফুর রহমান। তিনি বলেন, দায়িত্বে থেকে অনেক সময় অনেক দায়িত্ব পালন করতে হয়। তবে আমি কখনো বিতর্কিত কোনো দলের পক্ষে দায়িত্ব পালন করিনি। কিন্তু একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

শিক্ষাবোর্ডের অচলাবস্থা প্রসঙ্গে জানতে চাইলে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিষয়টি শিক্ষামন্ত্রী অবগত আছেন। আশা করছি খুব দ্রুত সময়ে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের শূন্য পদগুলো পূরণ হবে। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ আগস্ট ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং ময়মনসিংহ জেলা নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠিত হয়।

সময়ের আলো/জোই



  বিষয়:   ময়মনসিংহ শিক্ষাবোর্ড  আওয়ামীপন্থি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: