রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক চিকিৎসকের পচনশীল মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে খবর পেয়ে পুলিশ আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। এ সময় ফারা ফেরদৌসকে খাটের ওপর বসা অবস্থায়, টেবিলের ওপর মাথা রাখা অবস্থায় পাওয়া যায়। মরদেহটি তখন পচনশীল অবস্থায় ছিল।
পুলিশ জানায়, ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং ৩৯তম বিসিএসে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস কোর্সে অধ্যয়নরত ছিলেন। আজিজ সুপার মার্কেটের ওই ফ্ল্যাটে তিনি একাই বসবাস করতেন।
তার বড় বোন নাজুলা ফেরদৌস একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকেন। তিনিও একজন চিকিৎসক। পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বোনের সঙ্গে ফারা ফেরদৌসের শেষবার কথা হয়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।
উপপরিদর্শক একরামুল হক জানান, পাশের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি নাজুলা ফেরদৌসকে জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। আবার অতিরিক্ত পড়াশোনার চাপ থেকে সৃষ্ট মানসিক অবসাদে ঘুমের ওষুধ সেবনের ঘটনাও থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
ফারা ফেরদৌসের গ্রামের বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকায়। তার বাবার নাম আব্দুর রশিদ। তিনি অবিবাহিত ছিলেন।
সময়ের আলো/আরবিএন