পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি বলেছেন, কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে খাল খননের কোনো বিকল্প নেই। খাল ও নদী পুনঃখনন এবং পানি সংরক্ষণের মাধ্যমে আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর কৃষিই হচ্ছে দেশের অর্থনীতির প্রধান ভিত্তি।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, সরকার কৃষির আধুনিকায়ন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে উপজেলার ২ হাজার ২০০ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এছাড়া, উপজেলার ৮০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান ও সিডিএর অতিরিক্ত পরিচালক মো. হাফিজ হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
সময়ের আলো/জোই