কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করায় পাঁচ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে মিছিল চলাকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী প্রায় অর্ধশত নেতাকর্মী দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতাররা হলেন, যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মিজান মিয়া, যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে রুহুল আমিন, বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আতাউর রহমান সুমন।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে বিকেল তিনটার দিকে প্রায় অর্ধশত কর্মী-সমর্থক কাপাশিয়া এলাকায় মিছিল বের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অংশগ্রহণকারীদের মধ্য হতে মিছিলে অংশ নেওয়া পাঁচ জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই