গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বেলজিয়াম। বাঁচা-মরার এই ম্যাচ জিতে শুধু নকআউট পর্বই নিশ্চিত করেনি, বরং জি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে দলটি।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও পুরো সময়জুড়েই ম্যাচে আধিপত্য ছিল বেলজিয়ামের। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় নিউজিল্যান্ড। তবে বেলজিয়ামের শক্তিশালী আক্রমণের সামনে তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। একের পর এক আক্রমণে আরও চারটি গোল করে ব্যবধান বড় করে বেলজিয়াম।
ম্যাচের শেষ দিকে নিউজিল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন এলিজা জাস্ট। এই গোলের মাধ্যমে ব্যক্তিগতভাবে দারুণ একটি টুর্নামেন্টের সমাপ্তি টানেন তিনি।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে রোমেলু লুকাকু একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।
এই জয়ে জি গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে নকআউট পর্বে উঠেছে বেলজিয়াম। অন্যদিকে, গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে নিউজিল্যান্ডের।
সময়ের আলো/এসএকে