ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) রাত ৮টা ২০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কুটির শিল্প ও পণ্য মেলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইশরাক মিয়া (২৩) নামে যুবক উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ করেন মেলায় ঘুরতে আসা তরুণী। বিষয়টি দেখে তরুণীর ভাই প্রতিবাদ করে। এতে ইশরাক মিয়া ও তরুণীর ভাইয়ের সঙ্গে থাকা কয়েকজনের বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে ইশরাক মিয়া ধারালো ছুরি দিয়ে তালাত মিয়া (২৩) নামে একজনকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত তালাত মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকার বাসিন্দা।
মেলায় দায়িত্বরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত তালাত মিয়াকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
মেলার দায়িত্বে থাকা রমজান বলেন, ‘বর্তমানে মেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/মহু