
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকসহ আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) রাত ১২টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলা জেলার ওসমাননগর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সিয়াম (৩০) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের মনজুরুল ইসলামের ছেলে খলিলুর রহমান মেম্বার (৬৫)।
নিহত খলিলুর রহমানের ভাতিজা ও ট্রাকের যাত্রী লিটন সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় খলিলুর রহমান, ফুল মিয়া ও মুসলিম উদ্দিন মুরাদনগরের রামচন্দ্রপুর এলাকা থেকে ধনিয়া ও সরিষাবোঝাই একটি ট্রাকে চট্টগ্রামের খাতুনগঞ্জের উদ্দেশে রওনা দেন। রাত ১২টার দিকে কালিকাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সিয়াম নিহত হন। এ সময় ট্রাকচালকসহ চারজন আহত হন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় খলিলুর রহমান মেম্বারের মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সময়ের আলো/আরবিএন