লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচার হামলায় আব্দুল জলিল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জলিলের অপর দুই ভাই হামিদ ইসলাম ও হারুন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে চাচা আব্দুর রাজ্জাকের সঙ্গে ভাতিজা আব্দুল জলিলের পরিবারের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার দুপুরে জলিলকে তাদের একটি খড়ের গাদা সরিয়ে নিতে বলেন চাচা আব্দুর রাজ্জাক। জলিল খড়ের গাদাটি সরাতে না চাইলে চাচা আব্দুর রাজ্জাক ও চাচাতো ভাই সাদ্দামসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। ওই হামলায় গুরুতর আহত হন জলিল। পরে স্থানীয়রা জলিল ও তার দুই ভাইকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন।
নিহত জলিলের ছোট ভাই হারুন বলেন, দীর্ঘদিন ধরে চাচার সঙ্গে আমাদের জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। আজ সকালে জমি থেকে আমাদের খড়ের গাদা সরাতে বলেন চাচা। আমরা কয়েক দিন পর সরাব বলে জানাই। এরপরই ক্ষিপ্ত হয়ে আমাদের তিন ভাইয়ের ওপর হামলা চালায়। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সময়ের আলো/জোই