নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তার ওপর বাড়ি নির্মাণের কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন কয়েকটি পরিবার। এতে সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া গ্রামের ১০টি পরিবারের চলাচলে বিঘ্ন ঘটছে, বের করা যাচ্ছে না কোনো মৃত ব্যক্তির লাশ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দত্তপাড়া গ্রামে আজগর হোসেন ভূঁইয়া ও রোকসানা আক্তার মিনু দম্পতি চলাচলের রাস্তার ওপর টিনশেড ভবন নির্মাণ করেছে। আশপাশের অন্যান্যরা রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করলেও আজগর হোসেন কোনো জমি ছাড় দেননি। তাই তার বাড়ির সামনে রাস্তা একেবারেই সংকুচিত হয়ে গেছে। এতে স্বাভাবিকভাবে লোকজন চলাচল করতে পারছেন না। অসুস্থ রোগী বা মৃত ব্যক্তিকে বাড়ি থেকে বের করা ও বাড়ির প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আনা নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসী কয়েকবার সমস্যা সমাধানে সালিশ বৈঠকের ব্যবস্থা করলেও ওই দম্পতি কোনোভাবেই রাস্তার জন্য জায়গা ছাড় দিতে রাজি হননি।
স্থানীয়ভাবে বিষয়টি সমাধান না হওয়ায়, ভুক্তভোগী পরিবারগুলো সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁ থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী গোলাম ফারুক পাটওয়ারী বলেন, ‘আমরা এখানে ওই দম্পতির আগে জমি কিনেছি। সরকারি নিয়ম অনুযায়ী, যে কেউ পাকা স্থাপনা নির্মাণ করলে তিন ফিট ছেড়ে করতে হয়। কিন্তু তারা এক ফিট জমিও ছাড় দেননি, বরং চলাচলের রাস্তার ওপর বাড়ি নির্মাণ করেছেন। এতে আমার মা ও বাবার লাশ বাড়ির বেড়া খুলে বের করতে হয়েছে।’
এলাকার সালিশের বিচারক আফাজউদ্দিন জানান, আমরা বারবার অনুরোধ করেছি রাস্তা থেকে স্থাপনাটি সরিয়ে দেওয়ার জন্য। প্রয়োজনে সরানোর ক্ষতিপূরণও দেওয়া হবে। কিন্তু তারা এ কথায় কোনো কর্ণপাত করেননি।
ওই এলাকার বাসিন্দা সবুজ বলেন, ‘আমরা দ্রুত এ সমস্যার সমাধান কামনা করছি।’
অভিযুক্ত মিনু আক্তার বলেন, ‘আমি আমার নিজ জমির ওপরই বাড়ি নির্মাণ করেছি, রাস্তার ওপর করিনি।’
বাড়ি নির্মাণ করলে পৌরসভার নিয়ম অনুযায়ী তিন ফিট ছেড়ে কাজ করতে হয়- এ কথার জবাবে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য এসিল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।’
সময়ের আলো/মহু