ফরিদগঞ্জের পল্লী বিদ্যুৎ অফিসে হামলায় আহত ২৫, অবরুদ্ধ ডিজিএম

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এক নজিরবিহীন ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রাহকদের হামলায় সহকর্মীদের আহত হওয়ার ঘটনায় নিরাপত্তাহীনতা

2026-06-28T19:01:04+00:00
2026-06-28T19:01:04+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
ফরিদগঞ্জের পল্লী বিদ্যুৎ অফিসে হামলায় আহত ২৫, অবরুদ্ধ ডিজিএম
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:০১ পিএম 
পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ডিজিএমকে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা। ছবি : সময়ের আলো
চাঁদপুরের ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এক নজিরবিহীন ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রাহকদের হামলায় সহকর্মীদের আহত হওয়ার ঘটনায় নিরাপত্তাহীনতা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে নিজ কার্যালয়ে ডিজিএম মো. সাইফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা।

রোববার (২৯ জুন) দুপুরে ফরিদগঞ্জ জোনাল অফিসে এ ঘটনা ঘটে। এ সময় ২০ থেকে ৩০ জন কর্মী ‘এক দফা, এক দাবি—ডিজিএমের অপসারণ চাই’ স্লোগানে উত্তাল বিক্ষোভ প্রদর্শন করেন।

স্থানীয় ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, গত ২৩ জুন অতিরিক্ত লোডশেডিংকে কেন্দ্র করে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উত্তর ধানুয়া গ্রামে চরম উত্তেজনা তৈরি হয়। সে সময় চির্কা সাবস্টেশন এলাকা থেকে ধানুয়া গ্রামের একদল লোক দুই বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে যায়। ওই ঘটনার পর থেকেই গ্রামবাসীর একাংশের সঙ্গে বিদ্যুৎ বিভাগের তীব্র বিরোধ চলছিল।

অভিযোগ উঠেছে, এমন চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই রোববার সকালে কোনো ধরনের পুলিশি নিরাপত্তা নিশ্চিত না করেই হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন ডিজিএম মো. সাইফুল আলম।

নির্দেশ অনুযায়ী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম নাজির উল্লাহর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল উত্তর ধানুয়া গ্রামে অভিযানে যায়। সেখানে পৌঁছানো মাত্রই গ্রামবাসীর সঙ্গে বিদ্যুৎ কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। গ্রামবাসীর অতর্কিত হামলায় এজিএম নাজির উল্লাহসহ অন্তত ২৫ জন কর্মকর্তা-কর্মচারী গুরুতর আহত ও লাঞ্ছিত হন।


আন্দোলনরত লাইন টেকনিশিয়ান ও লাইনম্যানরা (তহির আহমেদ, মোমিন, সানোয়ার, ফেরদাউস, সুজন, মহন, আজহারুল ও শহিদ আলম) ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকাটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং সেখানে উত্তেজনা বিরাজ করছিল। সবকিছু জানা সত্ত্বেও ডিজিএম কোনো পুলিশি নিরাপত্তা ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সহকর্মীদের সেখানে পাঠিয়েছেন। এতে কর্মীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। আমরা এই ব্যর্থ ডিজিএমের অনতিবিলম্বে অপসারণ চাই।

অন্যদিকে, গ্রাহকদের পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন অভিযোগ আনা হয়েছে। জুয়েল গাজীসহ একাধিক ভুক্তভোগী জানান, গত দুই মাস ধরে এলাকায় কোনো বিদ্যুৎ বিলের কাগজ দেওয়া হয়নি। এরপর হঠাৎ তিন মাসের বিল একসঙ্গে দিয়ে, আগের দুই মাসের ওপর অন্যায়ভাবে বিলম্ব ফি (জরিমানা) চাপানো হয়েছে। কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ সংযোগ কাটতে আসায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে।

সংযোগ বিচ্ছিন্নের কারণ জানতে চাইলে বিদ্যুৎ কর্মীরা ফিরোজা বেগম নামের এক নারী গ্রাহককে মারধর করেন বলে অভিযোগ ওঠে, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এলাকাবাসী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।

পরবর্তীতে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বিচ্ছিন্ন করা সংযোগটি পুনরায় স্থাপন করে বিদ্যুৎ কর্মীরা এলাকা ত্যাগ করতে বাধ্য হন।

এ বিষয়ে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি নিজেও এই অব্যবস্থাপনার ভুক্তভোগী। সাধারণ মানুষকে এভাবে অযথা হয়রানি করার কোনো যৌক্তিকতা নেই।

অবরুদ্ধ অবস্থায় থাকা ডিজিএম মো. সাইফুল আলম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু জানান, জিএম (জেনারেল ম্যানেজার) আসছেন, তিনিই সব বলবেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্লাহ জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং অবরুদ্ধ বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিকেলে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান চৌধুরী ফরিদগঞ্জ জোনাল অফিসে পৌঁছান। তিনি আন্দোলনরত কর্মী ও সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রশাসনিক ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্তে ইতোমধ্যেই ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে চরম অসন্তোষ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলও পল্লী বিদ্যুতের সম্মান রক্ষার্থে অবিলম্বে ডিজিএমের অপসারণ দাবি করেছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   ফরিদগঞ্জ  পল্লী বিদ্যুৎ  অফিস  হামলা  আহত  অবরুদ্ধ  ডিজিএম  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: