মাদারীপুরের শিবচর উপজেলায় নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী সানজিদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। রোববার (২৮ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা আক্তার তার অসুস্থ মাকে দেখতে নিজ বাড়িতে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সানজিদা ইসমাইল কবিরাজের মেয়ে। তিনি ঢাকা ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী। পড়াশোনার সময় তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে সংগঠনের সদস্য পদ পান বলে জানা যায়। পরবর্তীতে তিনি যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, নাশকতা মামলায় সানজিদাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সময়ের আলো/জোই