চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ থেকে লুট হওয়া টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত এটিএম বুথের নিরাপত্তাকর্মী আইয়ুব আলীকে (৫৬) রংপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে বুথ থেকে লুট হওয়া মোট ১৭ লাখ টাকার মধ্যে এখনও প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২৪ জুন) সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। পরে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, ব্যাংকের নিরাপত্তাকর্মী আইয়ুব আলী কৌশলে বুথে টাকা সংরক্ষণের বক্সের একটি নকল চাবি তৈরি করেন। সেই চাবি ব্যবহার করে তিনি বুথ থেকে ১৭ লাখ টাকা নিয়ে রংপুরে পালিয়ে যান। ঘটনার পর তিনি নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন এবং পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেন।
তিনি আরও জানান, তদন্তের একপর্যায়ে আইয়ুব আলীর কললিস্ট বিশ্লেষণ করে তার এক নারীর সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া যায়। সেই সূত্র ধরে জানা যায়, শনিবার (২৭ জুন) রংপুর মহানগর এলাকায় টাকাভর্তি ব্যাগ নিয়ে ওই নারীর সঙ্গে বিয়ের উদ্দেশ্যে দেখা করতে অপেক্ষা করছিলেন তিনি। পরে সেখানে অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুরে ব্যাংকের কর্মকর্তারা বিরতিতে যাওয়ার সময় এটিএম বুথটি তালাবদ্ধ করে যান। পরে ফিরে এসে ক্যাশ গণনার সময় এক লাখ টাকার ১৭টি বান্ডেল, অর্থাৎ মোট ১৭ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
ওসি মো. মহিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী স্বীকার করেন, লুট করা টাকার একটি অংশ তিনি খরচ করেছেন এবং কিছু টাকা এক নারীকেও দিয়েছেন। অবশিষ্ট অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই