আমাদের চারপাশের অতি চেনা সম্পর্ক, দায়িত্ব আর ভালোবাসার এক টানাপোড়েনের গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। নির্মাতা কাজী আসাদের পরিচালনায় এই সিনেমাটি দর্শকদের চেনা জীবনের এক নতুন দৃষ্টিকোণ উন্মোচন করেছে।
মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকরা। অনেকেই গল্পের আবেগ, সামাজিক বার্তা এবং অভিনয়ের প্রশংসা করেছেন। দর্শকদের কেউ কেউ মন্তব্য করেছেন, বিনোদনের পাশাপাশি সমাজে সচেতনতা বাড়াতে এমন জীবনধর্মী ও বাস্তবসম্মত গল্পের সিনেমা আরও বেশি হওয়া উচিত। সিনেমাটির প্রধান চরিত্র ‘অনন্যা’র ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
পুরো সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে তার চরিত্রের এক অভিনব ও চ্যালেঞ্জিং সফর কেন্দ্র করে। আর এই যাত্রায় মিমের সহযাত্রী ও সহযোগী হিসেবে পর্দায় হাজির হয়েছেন অভিনেতা রিজওয়ান পারভেজ। কঠিন আর দুর্গম রাস্তায় মিমকে বাইকে করে বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়া থেকে শুরু করে দুজনের খুনশুটি ও ঝগড়া সব মিলিয়ে পর্দায় এক দারুণ রসায়ন তুলে ধরা হয়েছে।
চরকির সঙ্গে এটিই অভিনেত্রীর প্রথম কাজ এবং এই নতুন যাত্রা নিয়ে দারুণ উচ্ছ্বসিত মিম। পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে মুগ্ধ করেছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো, এই সিনেমায় বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন এবং গল্পের মূল আবেগের সঙ্গে নিজের জীবনের এক অদ্ভুত ও আবেগঘন মিল খুঁজে পেয়েছেন মিম।
তিনি জানান, এখানে পর্দায় যা দেখানো হয়েছে, তার বাস্তব জীবনটাও ঠিক এমনই। তিনি নিজের মা-বাবার সঙ্গে অত্যন্ত গভীরভাবে মিশে আছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবা-মায়ের অসুস্থতা এবং তাদের পাশে থেকে সন্তান হিসেবে দায়িত্ব পালন করার যে কঠিন জার্নি, মিম নিজেও এখন বাস্তব জীবনে ঠিক একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।
সিনেমাটিতে মিমের বাবার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজ। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আ খ ম হাসান, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত ও ফাতেমাতুজ জোহরা ইভা। সিনেমাটির পুরো শুটিং হয়েছে কুয়াকাটার বিভিন্ন লোকেশনে।
সিনেমাটিতে ‘আমারে নাও’ গানটিও দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। নির্মাতা কাজী আসাদের কথায় জাহিদ নিরবের সুর ও সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী। ‘লাইফলাইন’-এর গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ।
সময়ের আলো/প্রিন্ট/জেডি