বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। এবার নাট্য নির্মাতা ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে বকেয়া পারিশ্রমিক শোধ না করার অভিযোগ তুলেছেন তিনি।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন পারসা। সেখানে তিনি লেখেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে ফারহাদ আহমেদ ইশান সম্পর্কে কিছু কথা বলতে চাই। গত সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি।
শুধু তিনি নন, প্রোডাকশনের আরও অনেকেই পারিশ্রমিক পাননি বলেই দাবি এই অভিনয়শিল্পীর। তার কথায়, শুধু আমি নই- টিমের আরও অনেক সদস্য এখনও তাদের পাওনা বুঝে পাননি। আমাকে উনি টাকা দিয়েছেন তবে কিছু টাকা এখনও পরিশোধ করতে পারেননি।
সেটা আমি বাদ দিয়েছি কিন্তু আমার টিমের কেউ টাকা পাননি যেটা আর্টিস্ট হিসেবে আমারও দায়িত্ব। এরপর পারসা প্রশ্ন রেখে আরও যোগ করেন, আমার নিজের টাকা না পেলেও হয়তো মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কথা?
যে ছেলেটা নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছে, একটা ভালো সুযোগের আশায় কঠোর পরিশ্রম করছে, তার প্রাপ্যটুকু কি সে পাবে না? আরও অনেক মানুষের পাওনা নিয়ে কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও প্রশ্নের বিষয়।
অভিনেত্রী যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের সর্তক করে লেখেন, কোনো কাজ শুরুর আগে যথাযথ খোঁজ-খবর নিন, সব চুক্তি ও আর্থিক বিষয় লিখিতভাবে নিশ্চিত করুন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন।
সবশেষ পারসা লেখেন, আমরা নিশ্চয়ই এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অসততা ও প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান সেখানে থাকা উচিত নয়।
বিষয়টি নিয়ে গণমাধ্যমকে পারসা বলেন, ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ ওয়েব কনটেন্টে কাজ করেছিলাম ওনার (ফারহাদ আহমেদ ইশান) সঙ্গে। ডিসেম্বর-জানুয়ারির দিকে সম্ভবত। গল্পটা সুন্দর ছিল। চারদিনের শুটিংয়ের কথা ছিল। কিন্তু শেষের দিন শুটিং ফেঁসে যায়। কয়েকটি দৃশ্য ধারণ বাকি থাকে। ওইদিন মধ্যরাতে প্যাকআপ করে উনি আমাকে বলেন একটু সমস্যা হয়েছে টাকাটা কাল-পরশু দিচ্ছি। কিন্তু দুই দিনের জায়গায় চারদিন হলেও পারিশ্রমিক পাইনি। বাকি দৃশ্যগুলোর শুটিংও আর হয়নি।
পারসার কথায়, কাজটি মুক্তির সময় ঘনিয়ে এলে দেখি ট্রেলার প্রকাশ করা হয়েছে। সুন্দর হয়েছিল ট্রেলারটি। তখন ওনাকে প্যাচ শুটের কথা বলার পাশাপাশি পারিশ্রমিক চাই। উনি বলেন, প্যাচ শুটের তারিখ তখনই দেব যখন আপনার টাকা পরিশোধ করতে পারব। কিন্তু প্যাচ শুট না করেই কাজটি মুক্তি দিয়ে দিলেন! অথচ গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং বাদ ছিল।
বিস্ময় প্রকাশ করে পারসা বলেন, একজন পরিচালক কতটা অসৎ হলে এরকম একটি অসম্পূর্ণ কাজ প্রকাশ করে। ফলে আমি ঠিকমতো প্রচারণাও চালাইনি। ভেবেছিলাম অনেক দিন পর দেশে এলাম ভালো কিছু কাজ করব। কিন্তু সম্পূর্ণ হতাশ হই।
পারসা বলেন, সাত মাস হলো এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে। তিনি শুধু আমার পারিশ্রমিক-ই ঝুলিয়ে রাখেননি। অন্য শিল্পীদের পারিশ্রমিকও পুরোপুরি শোধ করেনি। এমনকি প্রোডাকশন বয়ের পাওনা-ও বকেয়া রেখেছেন। গেল ১৬ জুন আমাকে তিনি জানান, ২৮ তারিখ পারিশ্রমিক শোধ করবেন। অথচ আজ ২৮ জুন তিনি তা করেননি। এরইমধ্যে বিষয়টি নিয়ে অভিনয় সংঘে মৌখিকভাবে জানিয়েছি।
এদিকে, গণমাধ্যমকে নির্মাতা ইশান অসহযোগিতাপূর্ণ আচরণের অভিযোগ তুলেছেন পারসা ইভানার নামে। তার কথায়, চারদিনের শুটিং ছিল। শেষ দিনের পারসা ইভানার অসহযোগিতাপূর্ণ আচরণের জন্য কয়েকটি দৃশ্যের শুটিং করতে পারিনি আমি। এরপর শিল্পীদের শিডিউল না পাওয়ায় কাজটি শেষ করতে পারছিলাম না। ফলে প্রযোজনা সংস্থার কাছে বিল আটকে ছিল। শেষে বাধ্য হয়ে কিছু দৃশ্য রেখেই কাজটি মুক্তি দিতে হয়। এরপর বাবা-মায়ের অসুস্থতাজনিত কারণে বড়সড় আর্থিক সংকটে পড়ি। ফলে শোধ করতে বিলম্ব হয়ে যায়। যদিও এরমধ্যে ওনার (পারসা ইভানা) অধিকাংশ টাকা শোধ করেছি। বাকিটাও শোধ করে দেব।
পারসা ছাড়াও কয়েকজন পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে পরিচালক জানান, শিগগিরই সবার বকেয়া শোধ করে দেবেন তিনি।
সময়ের আলো/আআ