প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম
দীর্ঘ ৯ বছরের পথচলার ইতি টানতে যাচ্ছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ । ছবি : সংগৃহীতদীর্ঘ ৯ বছরের পথচলার ইতি টানতে যাচ্ছে দেশের দীর্ঘতম এবং সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। টানা ১৭ মাস ধরে নিয়মিত প্রচার হওয়া ‘সিজন ৫’-এর শেষ অধ্যায়ের মাধ্যমে ২৬ নভেম্বর অবসান ঘটবে এই ওয়েব সিরিজের।
পরিচালক কাজল আরিফিন অমির নির্মাণে জনপ্রিয় এই সিরিজের কাবিলা, নেহাল, পাশা ভাই ও হাবুর মতো চরিত্রগুলো দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিসের আড্ডা—সবখানেই জায়গা করে নিয়েছে তাদের জনপ্রিয় সংলাপ ও মজার কর্মকাণ্ড। ফলে প্রিয় চরিত্রগুলোর বিদায় ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আবেগ ও স্মৃতিকাতরতা।
দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে শেষ অধ্যায়টি দুটি বিশেষ ভাগে প্রকাশ করা হচ্ছে। ইতোমধ্যে প্রথম ছয়টি পর্ব মুক্তি পেয়েছে। বাকি ছয়টি পর্ব আগামী ২৬ নভেম্বর প্রকাশ করা হবে।
এদিকে, শেষ অধ্যায় উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে বঙ্গ। যাদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর সিজন পাস রয়েছে, তারা পুরো চ্যাপ্টারটি বিনামূল্যে দেখতে পারবেন। এছাড়া, নতুন দর্শকরা ৬০ টাকার পরিবর্তে মাত্র ৫০ টাকায় উপভোগ করতে পারবেন পুরো ১২টি পর্ব।
সিরিজটির সমাপ্তি নিয়ে পরিচালক কাজল আরিফিন অমি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ তার জীবনের সবচেয়ে স্মরণীয় যাত্রাগুলোর একটি। দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই অর্জনের জন্য নিজের টিম, শিল্পী, কলাকুশলী, স্পনসর, চ্যানেল ও পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশেষভাবে বঙ্গকে শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এই নির্মাতা।
অন্যদিকে, বঙ্গের পরিচালক ও সিরিজটির প্রযোজক মুশফিকুর রহমান মনজু বলেন, টানা ১৭ মাস ধরে একটি সিরিজকে দর্শকদের ভালোবাসার শীর্ষে ধরে রাখা বাংলাদেশের বিনোদন জগতে বিরল অর্জন। তার মতে, ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু একটি সফল বিনোদনমূলক প্রজেক্ট নয়, বরং বাংলাদেশের কোটি দর্শকের আবেগের জায়গা।
দীর্ঘ নয় বছরের পথচলায় অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। তাই পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়া সংশ্লিষ্টদের কাছে কেবল একটি নাটকের কাজ শেষ হওয়া নয়, বরং দীর্ঘদিনের স্মৃতি ও ভালোবাসায় ঘেরা একটি অধ্যায়ের সমাপ্তি।
সময়ের আলো/এসকে