বদলানো যাবে এনআইডির ছবি ও বায়োমেট্রিক তথ্য

শাকিল আহমেদ

জাতীয়

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ১৫ বছর অতিক্রম করলে নাগরিকরা এর ছবি ও বায়োমেট্রিক তথ্য পরিবর্তনের সুযোগ পাবেন। এ বিষয়ে নির্বাচন

2026-06-30T02:59:42+00:00
2026-06-30T02:59:42+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
জাতীয়
বদলানো যাবে এনআইডির ছবি ও বায়োমেট্রিক তথ্য
শাকিল আহমেদ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:৫৯ এএম 
সংগৃহীত ছবি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ১৫ বছর অতিক্রম করলে নাগরিকরা এর ছবি ও বায়োমেট্রিক তথ্য পরিবর্তনের সুযোগ পাবেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) গত ১৯ মে অনুষ্ঠেয় সমন্বয় সভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এতে এনআইডি নবায়ন ও পরিবর্তন-সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত করে কার্যপত্রসহ পরবর্তী কমিশন সভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭ অনুযায়ী কোনো নাগরিককে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ১৫ বছর অতিক্রম করলে তা নবায়নের বিষয়ে প্রস্তাব চূড়ান্ত করে কমিশন সভায় উপস্থাপন করতে হবে।

নাগরিকের সঠিক পরিচয় নিশ্চিত করা, প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা নির্বিঘ্নে প্রদান এবং নাগরিকের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে ২০০৮ সালে ড. এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সারা দেশে ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র চালু করে। পরে ২০১৬ সালের ২ অক্টোবর কাগজের লেমিনেটেড এনআইডির পরিবর্তে উন্নত প্রযুক্তির বায়োমেট্রিকভিত্তিক স্মার্ট এনআইডি কার্ড আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

তবে স্মার্ট এনআইডি চালুর পরও অনেক নাগরিক ছবি ও বায়োমেট্রিক-সংক্রান্ত জটিলতায় পড়েন। মোবাইল সিম নিবন্ধনের সময় অনেকের ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত হয় না। শুধু সিম নিবন্ধন নয়, ইভিএমে ভোটগ্রহণের সময়ও ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করতে গিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিড়ম্বনায় পড়েছেন। ফলে অনেক ভোটারকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

এ ছাড়া ২০০৭-০৮ সালে যারা প্রথমবার ভোটার হয়েছিলেন, প্রায় ১৮-১৯ বছর পর তাদের বর্তমান চেহারার সঙ্গে এনআইডিতে থাকা ছবির উল্লেখযোগ্য অমিল দেখা যাচ্ছে। এতে এনআইডিভিত্তিক বিভিন্ন সেবা গ্রহণে নাগরিকরা বিড়ম্বনা ও হয়রানির শিকার হচ্ছেন।

বর্তমানে আয়করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) গ্রহণ, শেয়ার আবেদন ও বিও হিসাব খোলা, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, ট্রেড লাইসেন্স, পাসপোর্ট ইস্যু ও নবায়ন, যানবাহন নিবন্ধন, চাকরির আবেদন, বীমা সেবা, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিয়ে ও তালাক নিবন্ধন, ব্যাংক হিসাব খোলা, ভোটার শনাক্তকরণ, ব্যাংকঋণ, গ্যাস-পানি-বিদ্যুৎ সংযোগ, সরকারি ভাতা গ্রহণ, টেলিফোন ও মোবাইল সংযোগ, ই-টিকেটিং, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) গ্রহণ এবং বিভিন্ন সুরক্ষিত অনলাইন সেবায় প্রবেশের ক্ষেত্রে ছবি ও বায়োমেট্রিকসহ এনআইডি অপরিহার্য হয়ে উঠেছে।


বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. সুমন বলেন, ‘২০০৮ সালে যখন ছবিযুক্ত এনআইডি চালু হয়, তখন অনেকেই বিষয়টি সম্পর্কে সচেতন ছিলেন না। ছবি তোলা ও বায়োমেট্রিক গ্রহণের দায়িত্বে থাকা অনেকেরও যথেষ্ট আন্তরিকতা ছিল না। ফলে যেভাবে নাগরিকরা উপস্থিত হয়েছেন, সেভাবেই তাদের ছবি ও বায়োমেট্রিক নেওয়া হয়েছে। পরে কার্ড হাতে পেয়ে দেখি নিজের ছবিই ঠিকমতো চিনতে পারছি না। সিম নিবন্ধনের সময়ও ফিঙ্গারপ্রিন্ট মেলে না। পরবর্তীতে স্মার্ট এনআইডি দেওয়া হলেও আগের লেমিনেটেড কার্ডের ছবিই ব্যবহার করা হয়েছে। এরপর আর ছবি পরিবর্তনের সুযোগ হয়নি। এত বছরে চেহারায় অনেক পরিবর্তন এসেছে। এখন কোথাও এনআইডি দেখালে সেবাদাতারা বারবার কার্ডের ছবি ও আমার মুখের দিকে তাকান। অনেক সময় ছবির সঙ্গে মিল খুঁজে পান না। এমন পরিস্থিতিতে বহুবার পড়েছি।’

মো. রিয়াজ হোসেন নামে এক ভোটার বলেন, ‘একদিকে অস্পষ্ট ছবি, অন্যদিকে তথ্যগত ভুল। দেশে এনআইডিতে ভুল নেই এমন মানুষ খুব কমই আছেন। অথচ এসব ভুল নাগরিকদের কারণে হয়নি। এখন কোনো কাজে এনআইডি নিয়ে গেলে দেখা যায়, শিক্ষাসনদের সঙ্গে নামের মিল নেই, কারও জন্মনিবন্ধনের সঙ্গে অমিল, কারও বয়স ভুল। এসব সংশোধন করতে গেলে এমন সব কাগজপত্র চাওয়া হয়, যা সংগ্রহ করা কঠিন। এতে দীর্ঘ হয়রানির শিকার হতে হয়। অনেক সময় এনআইডি দিয়েও নিজের পরিচয় প্রমাণ করাই কঠিন হয়ে পড়ে।’

এ বিষয়ে এনআইডি মহাপরিচালক (ডিজি) আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা সময়ের আলোকে বলেন, ‘কোনো ভোটার যদি মনে করেন তার ছবি বা বায়োমেট্রিক পরিবর্তনের প্রয়োজন, তা হলে তিনি অনলাইনে ফরম-২ পূরণ করে আবেদন করতে পারবেন। এরপর সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নতুন ছবি তুলতে এবং বায়োমেট্রিক তথ্য দিতে পারবেন।’

এ ক্ষেত্রে অনেকের স্মার্ট কার্ডের পরিবর্তে লেমিনেটেড কার্ড দেওয়া হতে পারে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘স্মার্ট কার্ড পরিবর্তন হলেও সমস্যা নেই। কারণ স্মার্ট কার্ড ও লেমিনেটেড কার্ড দুটিই একই ধরনের পরিচয়পত্র হিসেবে কার্যকর।’

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সময়ের আলোকে বলেন, ‘এনআইডি প্রদানের ১৫ বছর পর ছবি ও বায়োমেট্রিক পরিবর্তনের বিধান আইনে রয়েছে। তবে বিষয়টি যথেষ্ট প্রচার হয়নি। অনেকেই এর প্রয়োজনীয়তা অনুভব করেন না। ফলে আবেদনও কম আসে। কমিশন সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এটি পরিচয়পত্র নবায়নের বিষয় নয়; এটি ছবি ও বায়োমেট্রিক পরিবর্তনের বিষয়। নবায়ন ও পরিবর্তনের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। ২০০৭ সালের একটি ছবি বর্তমানের সঙ্গে স্বাভাবিকভাবেই মিলবে না। তাই ১৫ বছর পর ছবি ও বায়োমেট্রিক হালনাগাদের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’

ইসির এনআইডি শাখার পরিচালক (পরিচালনা) সাইফুল ইসলাম সময়ের আলোকে বলেন, ‘বায়োমেট্রিক ও ছবি পরিবর্তনের বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে। কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।’

কী ধরনের তথ্য পরিবর্তনের সুযোগ থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সময়ের সঙ্গে অনেক তথ্য পরিবর্তিত হয়। যেমন কেউ আগে এসএসসি পাস করেছিলেন, পরে ডিগ্রি অর্জন করেছেন। সে ধরনের তথ্য হালনাগাদের বিষয়ও বিবেচনায় আসতে পারে। তবে কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি চূড়ান্ত হলে এবং আইনবিধি পর্যালোচনা শেষে বিস্তারিত জানানো হবে।’

ইসির সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   এনআইডি  বায়োমেট্রিক তথ্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: