জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে নকআউট পর্বের প্রথম ধাপ পার করলেও শিরোপার পথে সামনে অপেক্ষা করছে আরও কঠিন সব পরীক্ষা। এখন ফুটবলপ্রেমীদের আগ্রহ- পরবর্তী ম্যাচে কার মুখোমুখি হবে সেলেসাওরা?
বিশ্বকাপের সূচি অনুযায়ী, ব্রাজিল তাদের শেষ ষোলোর ম্যাচ খেলবে আগামী ৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির স্টেডিয়ামে, যেখানে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচও খেলেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার শেষ ৩২-এর ম্যাচের বিজয়ী দলই শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ জুন, বাংলাদেশ সময় রাত ১১টায়।
আরও পড়ুন
শেষ ষোলোর বাধা টপকাতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে অপেক্ষা করতে পারে আরও কঠিন প্রতিপক্ষ। মেক্সিকো, ইকুয়েডর, ইংল্যান্ড কিংবা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো- এই চার দলের যেকোনো একটির বিপক্ষে খেলতে হতে পারে সেলেসাওদের। সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ জুলাই, বাংলাদেশ সময় রাত ৩টায়, মায়ামিতে।
সেমিফাইনালে উঠতে পারলে প্রতিপক্ষের তালিকা আরও শক্তিশালী। ব্রাজিলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কলম্বিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা কিংবা কেপ ভার্দে। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ১টায়, আটলান্টায়।
সব বাধা পেরোতে পারলে ব্রাজিল খেলবে মহারণের ফাইনাল। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, বাংলাদেশ সময় রাত ১টায়, নিউ জার্সিতে।
টুর্নামেন্টের অপর ব্র্যাকেটে রয়েছে কানাডা, প্যারাগুয়ে, ফ্রান্স, সুইডেন, মরক্কো, পর্তুগাল, ক্রোয়েশিয়া, স্পেন, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, বসনিয়া, বেলজিয়াম ও সেনেগালসহ শক্তিশালী দলগুলো। ফলে ফাইনালে উঠতে পারলে ব্রাজিলকে এই ব্র্যাকেটের কোনো একটি দলের মুখোমুখি হতে হবে।
এএডি/