যশোরের অভয়নগর উপজেলার দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের প্রতিবাদে ক্ষুব্ধ গ্রাহকদের হামলার শিকার হয়েছে একটি বিদ্যুৎ উপকেন্দ্র। এ সময় উপকেন্দ্রে কর্মরত এক লাইনম্যানকে মারধর করে আহত করা হয়। পাশাপাশি তার ব্যক্তিগত মোবাইল ফোন, নগদ অর্থ এবং কল সেন্টারের একটি স্মার্টফোন লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার ৩৩/১১ কেভি, ২৫ এমভিএ অভয়নগর-২ বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নওয়াপাড়া জোনাল অফিসের এজিএম (ও অ্যান্ড এম) মেহেদুল ইসলাম মেহেদী মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে জানান, লোডশেডিং চলাকালে প্রায় ৪০ থেকে ৫০ জন ক্ষুব্ধ গ্রাহক উপকেন্দ্রের লোহার গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা দায়িত্বে থাকা লাইনম্যান রবিউল ইসলামকে (৪০) মারধর করে গুরুতর আহত করেন। এ সময় তার ব্যক্তিগত মোবাইল ফোন, নগদ অর্থ এবং কল সেন্টারে ব্যবহৃত একটি স্মার্টফোন লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
আহত রবিউল ইসলামকে উদ্ধার করে রাতেই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের হামলা জননিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সময়ের আলো/আতা