জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়া বা পদবঞ্চিত নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৭টায় রাজধানী হেয়ার রোডের ৩৫ নম্বরে বিএনপি মহাসচিবের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পদবঞ্চিত নেতারা জানান, তারা মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলা ও একটি স্মারকলিপি প্রদানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানাবেন। এর আগে গতকাল বুধবার (১ জুলাই) বিকেলে রমনার একটি রেস্তোরাঁয় পদবঞ্চিত নেতাদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সম্প্রতি ঘোষিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং বিগত সময়ে জেল-জুলুমের শিকার হওয়া অনেক ত্যাগী নেতাকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পদবঞ্চিতদের দাবি, রাজপথের পরীক্ষিত ও সক্রিয় নেতাদের বাদ দিয়ে কমিটিতে এমন অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ও অপরিচিত।
আজকের বৈঠকে তারা এই ক্ষোভ ও অসন্তোষের বিষয়টি মহাসচিবের কাছে তুলে ধরবেন। একই সঙ্গে নিষ্ক্রিয় ও বিতর্কিতদের বাদ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানাবেন।
বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান; যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার; সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলি উদ্দিন সুমন, খালিদ মাহমুদ মাসুদ, গোলাম ফারুক; সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আমানুল্লাহ বিপুল, সহ-শিল্প বিষয়ক সম্পাদক আসাদুল হক টিটু, সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাসেদুর রহমান সোহেল; ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, মাহফুজুর রহমান, মিজানুর রহমান সোহাগ; যুবদলের সাবেক সদস্য শাহিনুজ্জামান মিন্টু, দুলাল হোসেন, সেলিম হোসেন মুন্না আকন্দ, মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান খান; ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেজবাউল আলম, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, আনোয়ার জাহিদ, সুমন চৌধুরী; সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, গোলাম আজম সৈকত, সবুর খান সাগর; সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আজিম, সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন মন্ডল এবং সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম মাসুমসহ আরও অনেকে।
সময়ের আলো/কহু