পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর দায়ে রেহেনা বেগম উর্মি নামে নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ঘুষের অভিযোগের কোনো সত্যতা না মেলায় এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন বাদী হয়ে তেঁতুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রেহেনা বেগম উর্মিকে প্রধান আসামি করে আরও অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। তেঁতুলিয়া থানার পুলিশ মামলাটি গ্রহণ করে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু জানান, গত সোমবার ওই নারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষয়টি তদন্ত করেন। মঙ্গলবার উভয় পক্ষের উপস্থিতিতে শুনানির পর জানা যায়, অভিযোগের কোনো দালিলিক প্রমাণ বা সত্যতা নেই। এমনকি যে নিয়োগের কথা বলা হচ্ছে, সেই পদের জন্য ওই নারীর ছেলের নামে কোনো আবেদনপত্রও খুঁজে পাওয়া যায়নি।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো.আবু সাইম বলেন, ‘প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সম্মানহানি করার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের প্রক্রিয়া চলমান রয়েছে।’
উল্লেখ্য, গত ২৪ জুন ইউএনও আফরোজ শাহিন খসরুর বদলির আদেশ হওয়ার পর রেহেনা বেগম উর্মি ফেসবুক লাইভে এসে দাবি করেন, গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন ইউএনও। তবে, শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন ইউএনও। তার দাবি ছিল, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
সময়ের আলো/মহু