সিলেটের জকিগঞ্জে ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখার সময় কথা-কাটাকাটির জেরে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে পারভেজ আহমদ নামে যুবক।
বৃহস্পতিবার (২ জুলাই) জকিগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত যুবকের নাম আলম হোসেন। ঘাতক সম্পর্কে তার চাচাতো ভাই।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুধবার (১ জুলাই) রাত সাড়ে ১১টায় ফুটবল বিশ্বকাপের ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর ম্যাচ চলাকালে তুচ্ছ বিষয় নিয়ে আলম হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই পারভেজ আহমদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজ ধারালো চাকু দিয়ে আলম হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজ আহমদকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি জব্দ করা হয়। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/মহু