ভোলার লালমোহনে ইব্রাহিম খলিল নয়ন (২৪) নামে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে খুনি এবং খুনের সময় ব্যবহৃত চাকু পুলিশের কাছে জমা দিয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টায়, লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেলিম চেয়ারম্যানের বাসার সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং লালমোহন উপজেলার ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গেছে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দলবদ্ধ হামলায় নয়নকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নয়নকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
আহতরা হলেন- পৌরসভার বাসিন্দা আরমান এবং আশরাফ। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে বলে জানা গেছে।
এদিকে, এ ঘটনার পর থানায় আত্মসমর্পণ করেছে হত্যার নেতৃত্ব দেওয়া খুনি আব্দুল্লাহ আল মানিক (১৭)।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, ‘মূল আসামি আমাদের হেফাজতে আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
সময়ের আলো/মহু