গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৭৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫৩৭ জনে।
বৃহস্পতিবার (২ জুলাই) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য প্রকাশ করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন এলাকায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত অবস্থায় আরও ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা।
এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা পুরোপুরি থামেনি।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৪২৯ জন আহত হয়েছেন। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৮৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তবে নিরাপত্তা পরিস্থিতি ও অব্যাহত হামলার কারণে অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা অনেক স্থানে পৌঁছাতে পারছেন না। ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সময়ের আলো/এসএকে