আজ ৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, মোতাবেক ১৮ মহররম ১৪৪৮ হিজরি। মুসলিম জাহানের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিজরি নববর্ষ ১৪৪৮ সনের মহররম মাসের তৃতীয় জুমার দিন আজ। পবিত্র এই দিনে সৌদি আরবের মক্কার ঐতিহাসিক মসজিদে হারাম (কাবা শরিফ) এবং মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে লাখো মুসুল্লির ঢল নামবে। বিশ্ব মুসলিমের অন্যতম প্রধান এই দুই পবিত্রতম মসজিদে আজ জুমার নামাজ ও খুতবায় ইমামতি করবেন বিশ্ববরেণ্য ও প্রখ্যাত দুই আলেম ও কারী।
মসজিদে হারাম (মক্কা)
আজ পবিত্র কাবা শরিফে জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতির দায়িত্ব পালন করবেন বিশ্বখ্যাত কারী শায়খ ড. আবদুল্লাহ আওয়াদ আল-জুহানী।
১৯৭৬ সালের ১৩ জানুয়ারি মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করা শায়খ জুহানী মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘কুরআন অনুষদ’ থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালের জুলাই মাসে তিনি প্রথম মসজিদে হারামের স্থায়ী ইমাম হিসেবে নিযুক্ত হন এবং ২০০৮ সালের রমজান থেকে তিনি সেখানে পবিত্র তারাবির নামাজেও ইমামতি করে আসছেন। এর আগে তিনি মদিনার মসজিদে নববি ও মসজিদে কিবলাতাইনের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিশ্বজুড়ে তাঁর সুললিত ও হৃদয়স্পর্শী কুরআন তিলাওয়াতের বিশেষ সুখ্যাতি রয়েছে।
মসজিদে নববি (মদিনা)
পবিত্র মদিনা মুনাওয়ারার মসজিদে নববিতে আজ জুমার নামাজে ইমামতি করবেন মুসলিম উম্মাহর অন্যতম প্রবীণ আলেম ও বর্ষীয়ান কারী শায়খ ড. আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফী। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে কুরআন তিলাওয়াতের অনন্য ও ধীরস্থির শৈলীর জন্য তিনি গোটা বিশ্বে সুপরিচিত।
১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবে জন্মগ্রহণ করা এই প্রবীণ আলেমের পিতা মোহাম্মদ আব্দুল হুজায়ফীও ছিলেন একজন দ্বীনি ব্যক্তিত্ব। শায়খ হুজায়ফী ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক এবং ১৯৭৫ সালে বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে স্নাতকোত্তর ও পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৭৮ সালে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭৯ সালে তিনি মসজিদে নববির ইমামের পবিত্র দায়িত্ব লাভ করেন এবং বর্তমান সময় পর্যন্ত তিনি সেখানে অত্যন্ত নিষ্ঠার সাথে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সময়ের আলো/কহু