২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়ের সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন দলটির অধিনায়ক রিয়াদ মাহরেজ। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে নিজের সিদ্ধান্তের কথা জানান এই অভিজ্ঞ উইঙ্গার।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় সকালে টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় আলজেরিয়ার। ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যম বিইন স্পোর্টসকে মাহরেজ বলেন, ‘দেশের হয়ে এটাই ছিল আমার শেষ ম্যাচ।’
২০১৪ সালে জাতীয় দলে অভিষেকের পর টানা ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আলজেরিয়ার জার্সিতে ১১৯টি ম্যাচ খেলেছেন মাহরেজ। এই সময়ে তিনি করেছেন ৪০ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪৫টি গোল।
বিদায়ী বিশ্বকাপেও নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ৩৫ বছর বয়সী এই তারকা। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন তিনি। সেই ম্যাচে যোগ করা সময়ে গোল করে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে গেলেও শেষ মুহূর্তে সাশা কালাইদজিচের গোলে ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচটি।
‘জে’ গ্রুপে তৃতীয় হয়ে নকআউট পর্বে ওঠা আলজেরিয়া শেষ বত্রিশে সুইজারল্যান্ডের বিপক্ষে আর প্রতিরোধ গড়তে পারেনি। ম্যাচের ১০ ও ৪৬ মিনিটে যথাক্রমে ব্রিল এমবোলো ও ডান এনদয়ের গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে সুইসরা।
এই জয়ে সুইজারল্যান্ডও গড়েছে নতুন ইতিহাস। দীর্ঘ ৭২ বছর পর তারা বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম বাধা পেরিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল। এর আগে ১৯৫৪ সালের বিশ্বকাপে সর্বশেষ কোয়ার্টার ফাইনালে উঠেছিল দলটি।
সময়ের আলো/এসএকে