ইবিতে ছাত্রদল নেতার নেতৃত্বে বহিরাগতরা, বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মীদের মারধর

ইবি প্রতিনিধি

শিক্ষা

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়াই ট্রাক ও শতাধিক মোটরসাইকেল নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে শোডাউন করেছেন বহিরাগত আর্জেন্টিনা সমর্থকরা।শুক্রবার

2026-07-04T10:21:50+00:00
2026-07-04T10:21:50+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
ইবিতে ছাত্রদল নেতার নেতৃত্বে বহিরাগতরা, বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মীদের মারধর
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:২১ এএম 
শতাধিক মোটরসাইকেল নিয়ে ইবি ক্যাম্পাসে শোডাউন। ছবি : সময়ের আলো
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়াই ট্রাক ও শতাধিক মোটরসাইকেল নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে শোডাউন করেছেন বহিরাগত আর্জেন্টিনা সমর্থকরা।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুর নেতৃত্বে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে এই শোডাউন করা হয়।

এ সময় ক্যাম্পাসে প্রবেশে বাধা দিলে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যদের মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে তারা জোরপূর্বক প্রধান ফটক খুলে ক্যাম্পাসে প্রবেশ করেন। এর আগে ইবি শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদও এই শোডাউনের জন্য গেট খোলা রাখতে বলেছিলেন বলে অভিযোগ করেছেন নিরাপত্তাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু এবং শৈলকূপা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান রকির নেতৃত্বে প্রায় ৩০০ জন আর্জেন্টিনা সমর্থক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন। প্রশাসনের অনুমতি ছাড়া একটি ছোট ট্রাক ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তারা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়।


একপর্যায়ে শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। ধাক্কাধাক্কি ও মারধরের পাশাপাশি তাদের ক্যাম্পাস থেকে তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে আনসার সদস্যরা পিছু হটলে, বহিরাগতরা জোরপূর্বক প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে পড়েন। পরে তারা ক্যাম্পাসের ভেতরে উচ্চ শব্দে সাউন্ড বাজিয়ে এক উদ্বেলিত ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন।

দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের দাবি, মোটরসাইকেল শোভাযাত্রাটি ক্যাম্পাসে পৌঁছানোর ঠিক আগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের এক নেতা প্রধান ফটক খোলা রাখতে এবং র্যালিটিকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার নির্দেশ দেন। শুরুতে ওই নেতার নাম জানাতে না পারলেও পরে ছবি দেখে নিরাপত্তাকর্মীরা তাকে ইবি শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ হিসেবে শনাক্ত করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, বাস থেকে নেমে দেখি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রচণ্ড ভিড়। সেখানে একটি ছোট ট্রাক ও শতাধিক মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরই একদল লোক আনসার সদস্যদের ধাক্কা দিয়ে জোর করে ক্যাম্পাসে ঢুকে পড়ে। পরে একজন সিনিয়র শিক্ষার্থীর সহযোগিতায় আমরা প্রধান ফটক আটকে দেওয়ার চেষ্টা করি। তখন একজন নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে বলেন, আমরা এখানকার সাবেক শিক্ষার্থী, আমরা ঢুকব এবং মিছিল করব, তুই সরে যা’।

দায়িত্বরত আনসার সদস্যরা জানান, প্রথমে একজন মোটরসাইকেলে এসে তাদের বলেন, লোকজন এলে যেন প্রধান ফটক খোলা রাখা হয়। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান। প্রক্টর স্পষ্ট নির্দেশনা দেন যে, প্রশাসনের অনুমতি ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া যাবে না। সেই অনুযায়ী গেটে নিরাপত্তা জোরদার করা হলে শোভাযাত্রার লোকজন উগ্র আচরণ শুরু করেন। একপর্যায়ে এলোপাতাড়ি ধাক্কাধাক্কি ও মারধর করায় কয়েকজন আনসার সদস্য আহত হন। পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ায় নিরাপত্তার স্বার্থে তারা সরে দাঁড়াতে বাধ্য হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের নিরাপত্তা সেলের শাখা কর্মকর্তা আশরাফ বলেন, ঘটনার শুরুতে আমি সেখানে ছিলাম না, তবে খবর পেয়ে দ্রুত ছুটে যাই। সেখানে গিয়ে জানতে পারি, ছাত্রদলের একজন নেতা আগে থেকেই আনসারদের গেট খুলে দিতে বলেছিলেন। প্রক্টরের নির্দেশনা অনুযায়ী তারা গেট না খোলায় বহিরাগতরা আনসারদের ‘ধরে বেঁধে নিয়ে যাবে’ বলে হুমকি দেয় এবং মারধর করে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইবি শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, আমি আনসার সদস্যদের কেবল আমার ব্যক্তিগত অতিথিদের জন্য প্রধান ফটক খোলা রাখতে বলেছিলাম। কোনো শোডাউন বা মিছিলের জন্য গেট খুলে দেওয়ার কথা বলিনি।

এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে শৈলকূপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে আগে আমার কাছে অনুমতি চাওয়া হয়েছিল, যা আমি নাকচ করে দিই। প্রশাসনের অনুমতি ছাড়া কাউকে যেন প্রবেশ করতে দেওয়া না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা ছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রক্টোরিয়াল বডি দ্রুতই বৈঠকে বসবে এবং আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ইবি  ছাত্রদল নেতা  বহিরাগতরা  নিরাপত্তাকর্মী  মারধর 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: