মাদারীপুরের শিবচরে রবিন চৌধুরী নামে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের এক সমর্থক ব্যতিক্রমী উপায়ে প্রতিবাদ জানিয়ে আলোচনায় এসেছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্টের ইসরায়েল-সমর্থনের প্রতিবাদ জানিয়ে তিনি দুধ দিয়ে গোসল করে দলের সমর্থন ছাড়ার ঘোষণা দেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে শিবচর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। সমর্থকের রবিন চৌধুরী দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
রবিন চৌধুরীর দাবি, আর্জেন্টিনার প্রেসিডেন্টের অবস্থানের প্রতিবাদ জানাতেই তিনি প্রতীকী এই প্রতিবাদ জানিয়েছেন। এ সময় তিনি দুধ দিয়ে গোসল করেন এবং ভবিষ্যতে আর্জেন্টিনা দলকে আর সমর্থন করবেন না বলে ঘোষণা দেন।
রবিন চৌধুরী বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার পরও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন। আমি একজন মুসলমান হিসেবে এটি মেনে নিতে পারিনি। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’
ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
সময়ের আলো/কেআই