যাত্রীর শেরওয়ানির জন্য নাকি যান্ত্রিক ত্রুটিতে ফিরল ফ্লাইট, জানা গেল কারণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে পরিবারসহ এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে উঠেছিলেন এক যাত্রী। বিমানটি বে (Bay) থেকে

2026-07-04T23:59:41+00:00
2026-07-04T23:59:41+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
যাত্রীর শেরওয়ানির জন্য নাকি যান্ত্রিক ত্রুটিতে ফিরল ফ্লাইট, জানা গেল কারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:৫৯ পিএম 
এয়ার অ্যাস্ট্রার বিমান। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে পরিবারসহ এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে উঠেছিলেন এক যাত্রী। বিমানটি বে (Bay) থেকে ছেড়ে ট্যাক্সিওয়ে হয়ে রানওয়ের দিকে যাওয়ার সময় তার মনে পড়ে, বাসায় শেরওয়ানি রেখে এসেছেন। এরপর তিনি ফ্লাইট থামিয়ে নামার অনুরোধ জানান। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলেও এয়ার অ্যাস্ট্রা বলছে, ফ্লাইটটি যাত্রীর কারণে নয়, যান্ত্রিক ত্রুটির কারণেই ফিরে আসে।

ফ্লাইটে থাকা অন্তত দুই যাত্রীর দাবি, ওই ব্যক্তি কেবিন ক্রুদের কাছে বিমান থামানোর অনুরোধ করেন এবং এ নিয়ে তাদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি নিজেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ফার্স্ট অফিসার হিসেবে পরিচয় দেন। পরে ককপিট থেকে ঘোষণা দেওয়া হয়, ওই যাত্রীকে নামানোর জন্য বিমানটি আবার বেতে ফিরে যাচ্ছে। ঘোষণার পর রানওয়ের মুখ থেকে বিমানটি ঘুরিয়ে আবার বেতে নেওয়া হয়।

তবে এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ এ বর্ণনা পুরোপুরি মানতে নারাজ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, ঠিক ওই সময়ই বিমানের এয়ারকন্ডিশনিং ইউনিটে ত্রুটি দেখা দেয়। ককপিটে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার সংকেত পাওয়ায় পাইলট নিরাপত্তার স্বার্থে বিমানটি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু যাত্রীদের উদ্দেশে দেওয়া ঘোষণায় কেবল যাত্রীকে নামানোর বিষয়টি উল্লেখ করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ফ্লাইট ছাড়ার আগে থেকেই এয়ারকন্ডিশনিং সিস্টেমে কিছু সমস্যা ছিল। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর পরিস্থিতি সহনীয় মনে হওয়ায় বিমানটি যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু রানওয়ের কাছাকাছি পৌঁছানোর পর তাপমাত্রা আবারও বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়। তখনই পাইলট টাওয়ারের অনুমতি নিয়ে বিমানটি ফিরিয়ে আনেন।

ইমরান আসিফ আরও জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ওই বিমানটি আর পরিচালনা করা হয়নি। পরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ব্যবহার করে যাত্রীদের চট্টগ্রামে পাঠানো হয়। তার দাবি, কেবল একজন যাত্রীকে নামানোর জন্য হলে বিকল্প বিমান এনে ফ্লাইট পরিচালনার প্রয়োজন হতো না।


তিনি বলেন, প্রায় তিন ঘণ্টা পর যখন ইউএস-বাংলার উড়োজাহাজে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হয়, তখন ওই যাত্রী আবার বিমানবন্দরে ফিরে আসেন। ধারণা করা হচ্ছে, তার বাসা বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় তিনি এ সময়ের মধ্যে শেরওয়ানি নিয়ে ফিরে আসতে সক্ষম হন।

অন্যদিকে, ফ্লাইটে থাকা কয়েকজন যাত্রী ঘটনার ব্যাখ্যায় সন্তুষ্ট নন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা বলেন, পাইলটের ঘোষণা শুনে তিনি বিস্মিত হন। তার ভাষায়, একজন যাত্রীর ব্যক্তিগত কারণে পুরো ফ্লাইট ফিরিয়ে আনার ঘোষণা অত্যন্ত অস্বাভাবিক এবং এতে অন্যান্য যাত্রীরা ক্ষুব্ধ হন।

এদিকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) বিধি অনুযায়ী, যাত্রী বহন শুরু করে ট্যাক্সিংয়ের পর কোনো ফ্লাইট শুধুমাত্র যাত্রীর ব্যক্তিগত অনুরোধে থামানো বা ফিরিয়ে আনার সুযোগ নেই। কেবল চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি, নিরাপত্তা হুমকি, যান্ত্রিক ত্রুটি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, কোনো যাত্রীর ব্যক্তিগত অনুরোধে ফ্লাইট থামানোর বিধান নেই। এমন ঘটনা নিরাপত্তা ও পেশাগত নৈতিকতা—উভয় ক্ষেত্রেই গুরুতর প্রশ্ন তোলে। তাই বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।

এয়ার অ্যাস্ট্রার সিইও জানান, সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিমানের যান্ত্রিক ত্রুটির নথি ও সংশ্লিষ্ট রেকর্ড কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলেও তিনি জানিয়েছেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   যাত্রী  শেরওয়ানি  যান্ত্রিক ত্রুটি  ফ্লাইট  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: