তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহী। দর্শকের মাঝে বরাবরই নতুন চরিত্রে হাজির হয়ে প্রশংসা কুড়িয়েছেন। সে ধারাবাহিকতায় পারিবারিক গল্পের একটি নতুন নাটকে ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়েছেন তিনি। নাটকের নাম ‘কোটি টাকার বউ’।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে। এক দিনেই পেয়েছে এক লাখ ভিউ। নাটকে সামিরা খান মাহীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা নিলয় আলমগীর। এ ছাড়া অভিনয় করেছেন পাভেল, মাছুম বাসার ও চিত্রলেখা গুহসহ আরও অনেকে।
নির্মাতা মিতুল খানের গল্প ও পরিচালনায় এবং ফরিদুল ইসলাম নির্জনের সংলাপে নির্মিত এ নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক সম্পর্ক, হাস্যরস এবং সমাজের নানা বাস্তবতার প্রতিচ্ছবি। নাটকটি প্রসঙ্গে পরিচালক মিতুল খান বলেন, শুরুতেই চেষ্টা করেছি এমন একটি গল্প দর্শকের সামনে উপস্থাপন করতে, যেখানে বিনোদনের পাশাপাশি কিছু ইতিবাচক বার্তাও থাকবে। আমরা প্রায়ই দেখি, অর্থ ও সামাজিক অবস্থান কেন্দ্র করে মানুষের সম্পর্কের মধ্যে নানা ধরনের জটিলতা তৈরি হয়। সে বিষয়গুলো হাস্যরসাত্মক আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি।
সময়ের আলো/এসএকে