ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের নাটকীয় সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। বেলফাস্টে রোববার অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানের জয় তুলে

2026-07-05T04:23:59+00:00
2026-07-05T04:23:59+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের নাটকীয় সিরিজ জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:২৩ এএম 
ছবি : সংগৃহীত
প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। বেলফাস্টে রোববার অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানের জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে আইরিশরা।

এই পরাজয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের টানা ১৬টি সিরিজ বা টুর্নামেন্টে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারার পর এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে হারল ভারত।

টস হেরে আগে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক সূচনা করে আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই আর্শদীপ সিংকে দুটি ছক্কা হাঁকান রস অ্যাডেয়ার। তবে ভারতীয় পেসাররা দ্রুত ঘুরে দাঁড়ালে টিম টেক্টর ও অ্যাডেয়ার ফিরে যান। পাওয়ারপ্লে শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪৪ রান।

অভিষিক্ত প্রিন্স যাদব নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট হিসেবে ফেরান আইরিশ অধিনায়ক লরকান টাকারকে। এরপর ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া আয়ারল্যান্ডকে টেনে তোলেন হ্যারি টেক্টর ও বেজ্জামান ক্যালিৎজ। চতুর্থ উইকেটে তাদের ৬৫ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। টেক্টর ৫৩ ও ক্যালিৎজ ৩৭ রান করেন। শেষদিকে প্রিন্স যাদবের নিয়ন্ত্রিত বোলিংয়ে আয়ারল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৫৪ রান। ভারতের হয়ে প্রিন্স যাদব ২২ রানে ৩টি এবং শিবম দুবে ২৫ রানে ২টি উইকেট নেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই জয় মুন্দ্রার জোড়া আঘাতে শূন্য রানে ফেরেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এরপর শ্রেয়াস আইয়ারও ৪ রান করে বোল্ড হলে কোনো রান যোগ হওয়ার আগেই ৩ উইকেট হারায় সফরকারীরা। ঈশান কিষাণ রানআউট হলে ৩৫ রানেই ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে ভারত।


সেখান থেকে তিলক বর্মা ও অক্ষর প্যাটেল পঞ্চম উইকেটে ৩৯ রানের জুটি গড়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন। বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকলেও লক্ষ্য অপরিবর্তিত ছিল। অক্ষর ও শিবম দুবে ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে ৪৭ বলে ৫৫ রানের লড়াকু ইনিংস খেলেন তিলক বর্মা।

তিলকের বিদায়ের পর ভারতের জয়ের আশা প্রায় শেষ হয়ে গেলেও শেষদিকে হর্ষিত রানা ম্যাচে নাটকীয়তা ফেরান। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ২১ রান। সেই ওভারে ওয়াইড, নো-বল ও বাউন্ডারিতে সমীকরণ সহজ হলেও ২ বলে ৮ রান দরকার থাকতেই ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন হর্ষিত। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। প্রিন্স যাদব ছক্কা মারলেও তা কেবল ব্যবধান কমায়। ২০ ওভারে ১৫২ রানেই থামে ভারতের ইনিংস।

আয়ারল্যান্ডের হয়ে জয় মুন্দ্রা ও ম্যাথু হল্যান্ড ৩টি করে উইকেট শিকার করেন। মাত্র ১ রানের এই রোমাঞ্চকর জয়ে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে নতুন ইতিহাস গড়ল আইরিশরা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ভারত  আয়ারল্যান্ড  নাটকীয়  সিরিজ  জয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: