ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড ছত্রিশ বাড়ি এলাকায় দিনে দুপুরে মিজানুর রহমান রুবেল ওরফে কাইল্যা রুবেল (৪০) নামে এক যুবককে ঘরে ঢুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবেল ঐ এলাকার হামিদের ছেলে। রুবেল মাদকসেবী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। সেই সময় কয়েকজন দুর্বৃত্ত তার ঘরে ঢুকে প্রথমে তাকে বাঁশ দিয়ে পেটায় এবং এক পর্যায়ে জবাই করে ঘরে ফেলে রেখে পালিয়ে যায়। পরে রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতাররে পুলিশের অভিযান চলছে।
সময়ের আলো/জোই