৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণ নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমেই সৌভাগ্যের দেখা পেলেন এক জেলে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়া প্রায় ৮ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কালো পোয়া মাছ আলীপুর মৎস্য বন্দরের নিলামে বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়।
জানা গেছে, শনিবার (৪ জুলাই) রাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান স্থানীয় জেলে রহিম মাঝি। মাছ ধরার একপর্যায়ে তার জালে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে বড় আকৃতির কালো পোয়া মাছটি। রোববার সকালে মাছটি আলীপুর মৎস্য বন্দরে আনা হলে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।
নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মূসা মাছটি প্রতি মণ আড়াই লাখ টাকা দরে কিনে নেন। সে হিসেবে কেজিপ্রতি মূল্য দাঁড়ায় প্রায় ৬ হাজার ২৫০ টাকা এবং মোট দাম হয় ৫০ হাজার টাকা।
মাছটি পেয়ে উচ্ছ্বসিত রহিম মাঝি বলেন, নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে প্রথম দিকেই এমন মূল্যবান মাছ পেয়েছি। এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
ক্রেতা পিএম মূসা জানান, কালো পোয়া মাছের সুইম ব্লাডার বা ‘মাছের বালিশ’ আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন। এ কারণে মাছটির দাম তুলনামূলক অনেক বেশি। তিনি মাছটি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি রফতানির জন্যও সংগ্রহ করেছেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে মাছটি কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত। এর ওজন ৪০ কেজিরও বেশি হতে পারে। উচ্চমূল্যের কারণে উপকূলীয় এলাকায় একে অনেকেই ‘সাগরের কালো সোনা’ বলে অভিহিত করেন।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া উপকূলের মৎস্য অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে।
সময়ের আলো/জোই