মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে প্রকৃত অর্থে কোনো স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব নয়। রোববার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
এক ভাষণে মিশরের প্রেসিডেন্ট বলেন, একটি ন্যায়সংগত শান্তি ছাড়া কোনো স্থায়ী শান্তি, প্রকৃত স্থিতিশীলতা এবং জনগণের গ্রহণযোগ্য কোনো সম্পর্ক সম্ভব নয়। এই ন্যায়সংগত শান্তি আগ্রাসনের অবসান ঘটাবে, অবিচার ও আগ্রাসনের অবসান ঘটাবে, প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দেবে এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করবে।
১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরকারী প্রথম আরব রাষ্ট্র মিশরের এই নেতা আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধান ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি ব্যাপক শান্তি চুক্তির মধ্যেই নিহিত। একটি ন্যায়সংগত শান্তি এই অঞ্চলের জনগণকে স্থিতিশীলতা ও সমৃদ্ধির মাধ্যমে বসবাসের সুযোগ দেবে।
ফাত্তাহ আল-সিসি ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজায় যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানানোরও আহ্বান জানান। ওই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন।
সময়ের আলো/আআ