বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে পেনাল্টি নেওয়ার আগে গোলকিপার ওরিয়ান নিল্যান্ডের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন ব্রাজিল তারকা নেইমার। ম্যাচ শেষে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান ফ্যান্টাস্টিকো প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পেনাল্টি নেওয়ার আগে নিল্যান্ডকে উদ্দেশ করে নেইমার বলেন, ‘পেনাল্টিটা কোন দিকে মারব? কোন দিকে চাও?’
জবাবে নরওয়ের গোলরক্ষক বলেন, ‘পোস্টে মারো, পোস্টে।’
এরপর নিখুঁত শটে বল জালে জড়ান নেইমার। নিল্যান্ড নিজের জায়গায় দাঁড়িয়ে শুধু বলের জালে জড়ানো দেখেন। গোল করার পর গোলকিপারকে উদ্দেশ করে নেইমার বলেন, ‘আমার সঙ্গে চালাকি চলবে না! বোকা।’
যদিও নেইমারের সেই গোল ব্রাজিলকে হার থেকে রক্ষা করতে পারেনি। ম্যাচে ২-১ গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। এতে হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে শেষ ষোল থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ম্যাচের প্রথমার্ধেও একটি পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। তবে ব্রুনো গুইমারেসের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নিল্যান্ড। শেষ দিকে নেইমারের সফল স্পট-কিক ব্যবধান কমালেও আর সমতায় ফিরতে পারেনি সেলেসাওরা।
এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা খরা আরও দীর্ঘ হলো। সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ২০৩০ বিশ্বকাপ শুরু হওয়ার সময় সেই শিরোপার বয়স হবে ২৮ বছর, যা বিশ্বকাপ ইতিহাসে দেশটির দীর্ঘতম ট্রফিখরা।
সময়ের আলো/কেএইচও