ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্ধারণে জায়গা পরিদর্শন করেছেন বিকেএসপি ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ টিম।
সোমবার (৬ জুলাই) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহাম্মদপুর, দুধসর-চাঁদপুর আবাসন এলাকা পরিদর্শন করেন টিমের সদস্যরা।
পরিদর্শন টিমের বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল গোলাম মাবুদ হাসানের (পিএসসি) সঙ্গে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ উপস্থিত ছিলেন।
সেসময় শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তরুণ প্রতিভাবানরা খেলাধুলা ও শরীরচর্চার প্রাতিষ্ঠানিক শিক্ষা সহজ হবে বলে দাবি করেন স্থানীয় সচেতন নাগরিকরা।
কর্ণেল গোলাম মাবুদ হাসান জানান, প্রাথমিক পরিদর্শনে দুটি স্থান উপযোগী বলে মনে হয়েছে। মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেওয়ার পর দ্রুততম সময়ে আঞ্চলিক এই ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হতে পারে।
সময়ের আলো/মহু