চার বছর পর পর আয়োজন করা হয় গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত টুর্নামেন্ট ফিফা ফুটবল বিশ্বকাপ। চলতি আসরের পসরা বসেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। অংশ নিয়েছে ৪৮ দেশ। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এ দুটোই রেকর্ড।
এর আগে একসঙ্গে তিন দেশ কখনও বিশ্বকাপের আয়োজক হয়নি। আর এত সংখ্যক দলের অংশগ্রহণেও হয়নি বিশ্বকাপ।
গ্রুপপর্ব ও রাউন্ড অব ৩২ পেরিয়ে এখন বিশ্বকাপের শেষ ষোলো পর্ব চলছে। তবে তারকা খেলোয়াড়দের গোলের কীর্তি এবারের বিশ্বকাপকে দিয়েছে ভিন্নমাত্রা। চলতি আসরে এখন পর্যন্ত যৌথভাবে তিন জন সাতটি করে গোল করেছেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, আর্জেন্টিনার লিওনেল মেসি ও নরওয়ের এরলিং হালান্ড এমন কীর্তি গড়েছেন।
তবে বিশ্বকাপের একটি আসরে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙতে হলে পাড়ি দিতে হবে আরও বহু পথ। এখন পর্যন্ত বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এক ফরাসির দখলে। তাই স্বদেশীর সেই রেকর্ড ভাঙার দিকে হয়ত সবচেয়ে বেশি নজর থাকবে এমবাপ্পের। ১৯৫৮ সালে একাই ১৩ গোল করেছিলেন ফরাসি তারকা জাস্ট ফন্টেইন।
এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। ফন্টেইনের আগে এই রেকর্ডের মালিক ছিলেন হাঙ্গেরির স্যান্ডোর কোকসিস। ১৯৫৪ সালে বিশ্বকাপের আসরে তিনি ১১ গোল করেছিলেন।
এরপর তৃতীয় অবস্থানে আছেন জার্মানির গার্ড মুলার। ১৯৭০ সালের বিশ্বকাপে তিনি ১০ গোল করেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছেন আদেমির (ব্রাজিল) ও এউসেবিও (পর্তুগাল)। তারা দুজন যথাক্রমে ১৯৫০ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে ৯টি করে গোল দিয়েছিলেন।
মেসি-এমবাপ্পের অবস্থান কোথায়
মেসিকে ফুটবলের সর্বকালের সেরাদের একজন মনে করা হয়। চলতি আসরে মেসি ৭ গোল করেছেন। এটাই এখন পর্যন্ত বিশ্বকাপের এক আসরে মেসির সর্বোচ্চ গোল।
তবে আর্জেন্টিনা ফাইনাল খেললে হয়ত মেসির গোল সংখ্যা আরও বাড়বে। ২০২২ সালের বিশ্বকাপেও মেসি ৭ গোল করেছিলেন। সেবার বিশ্বকাপ ঘরে তুলেছিল আর্জেন্টিনা।
এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স রীতিমতো উড়ছে। আর ফ্রান্সের জয়ের বেলুনে বাতাস দিচ্ছেন এমবাপ্পে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ফ্রান্সের হয়ে এমবাপ্পে একাই করেছেন ৭ গোল।
এর আগে, ২০২২ বিশ্বকাপে ৮ গোল করেছিলেন এমবাপ্পে। তাই চলতি আসরে ফ্রান্স ফাইনালে উঠলে নতুন ইতিহাস লেখার সুযোগ আছে এমবাপ্পের সামনে।
বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলদাতারা
একটি বিশ্বকাপ আসরে সবচেয়ে বেশি ১৩ গোল করার রেকর্ডটি এখনও ফ্রান্সের জাস্ট ফন্টেইনের দখলে। ১৯৫৮ সালের আসরে গড়া এই কীর্তি আজও অক্ষুণ্ন রয়েছে।
এরপরই আছেন হাঙ্গেরির স্যান্ডর কোকসিস। ১৯৫৪ বিশ্বকাপে তিনি করেছিলেন ১১ গোল। ১৯৭০ সালে পশ্চিম জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলার ১০ গোল করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
৯ গোল করে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন ব্রাজিলের আদেমির (১৯৫০) এবং পর্তুগালের এউসেবিও (১৯৬৬)।
৮ গোল করেছেন তিনজন ফুটবলার—আর্জেন্টিনার গুইয়েল্লেরমো স্তাবিলে (১৯৩০), ব্রাজিলের রোনালদো (২০০২) এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে (২০২২)।
আর ৭ গোল করে এই তালিকায় রয়েছেন ব্রাজিলের লিওনিদাস (১৯৩৮), ব্রাজিলের জেইরজিনহো (১৯৭০), পোল্যান্ডের গ্রেজেগোর্জ লাতো (১৯৭৪), আর্জেন্টিনার লিওনেল মেসি (২০২২ ও ২০২৬) এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে (২০২৬)।
সময়ের আলো/ইউএমএইচ