মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার মামলার প্রধান আসামি সাজিদকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় নয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাজিদ ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে। এর আগে, এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে গজারিয়া থানায় ধর্ষণ মামলা করেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাব্বির হোসেন জানান, গভীর রাতে নিজ গ্রাম থেকেই সাজিদকে গ্রেফতার করে পুলিশ। এরপর সকালের দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী যুবক সাজিদের ধর্ষণে ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে ঘটনার সঙ্গে আরও কয়েকজনের নাম আসায় এটি একক নাকি সংঘবদ্ধ ধর্ষণ—তা নিয়ে তদন্ত চলছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় একটি প্রভাবশালী চক্র বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তারা বিচারের মিথ্যা আশ্বাস দিয়ে কিশোরীর জোরপূর্বক গর্ভপাত করানোর জন্য চাপ সৃষ্টি করাসহ পরিবারটিকে নানাভাবে হুমকি দিচ্ছিল। অবশেষে কোনো উপায় না পেয়ে এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগীর পরিবার পুলিশের দ্বারস্থ হয়ে মামলা করেন।
এদিকে মূল আসামিকে দ্রুত গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে তারা এই জঘন্য অপরাধের পেছনে থাকা মূল অপরাধী এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী প্রভাবশালী চক্রের সব সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সময়ের আলো/জোই