দেশের সব মাদ্রাসায় প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক চর্চা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে দেশের সব মাদ্রাসার প্রধানদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
মাদ্রাসা শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার সই করা নির্দেশনায় জানানো হয়েছে, তরুণ সমাজকে সুস্থ, দক্ষ ও দেশগঠনে সক্ষম হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন অপরিহার্য।
নির্দেশনায় আরও জানানো হয়, অধিদফতরের আওতাধীন সব মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা নিয়মিত পিটি ও খেলাধুলার আয়োজন করবেন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন।
এছাড়া যেসব মাদ্রাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেখানে খেলাধুলায় পারদর্শী অন্য কোনো শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শূন্য পদগুলো দ্রুত বিধি অনুযায়ী পূরণের উদ্যোগ নিতে প্রতিষ্ঠানপ্রধানদের বলা হয়েছে।
সময়েল আলো/কেএইচও