রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাগুয়ান ঘুণ্টি গ্রামে বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে অভিযান চালিয়ে বরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কনের পরিবারের কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিয়ে দেবেন না মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান ঘুণ্টি গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পায়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বর মো. আজিজুল ইসলাম, গ্রামের বাড়ি সাগুয়ান, গোদাগাড়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একই সঙ্গে কনের অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন। ফলে বিয়ের আয়োজনটি বন্ধ হয়ে যায়। অভিযান চলাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় গোদাগাড়ী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম বলেন, বাল্যবিবাহ একটি আইনত দণ্ডনীয় অপরাধ। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই