মাতৃত্বের কারণে দীর্ঘদিন রূপালি পর্দা এবং অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে আড়াল ভেঙে আবারও চেনা আঙিনায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর থেকে তাকে জনসমক্ষে কিংবা কোনো প্রকাশ্য অনুষ্ঠানে খুব একটা দেখা যায়নি। এমনকি সদ্যসমাপ্ত ঈদে তার একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ছবির প্রচারণা কিংবা কোনো গণমাধ্যমেই উপস্থিত ছিলেন না এই অভিনেত্রী।
তবে ভক্তদের জন্য সুখবর হলো— সব বিরতি কাটিয়ে আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরতে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকেই ‘ঢাকাইয়া দেবদাস’ নামের একটি নতুন সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে কামব্যাক করবেন বুবলী। ছবিটি পরিচালনা করছেন গুণী নির্মাতা জাহিদ হোসেন। এই ছবিতে বুবলীর বিপরীতে প্রধান নায়ক হিসেবে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সম্প্রতি বুবলীর সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে। মাতৃত্বকালীন বিরতির পর নিজের শারীরিক ফিটনেস এবং সার্বিক অবস্থা কিছুটা পরিবর্তন সাপেক্ষে আগামী সেপ্টেম্বর মাসেই তিনি শুটিংয়ে ফিরবেন বলে আমাদের কথা দিয়েছেন।’
পুরান ঢাকার ঐতিহ্যবাহী ভাষা, সংস্কৃতি ও স্থানীয় জীবনযাপনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। সিনেমাটিতে আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া মুসলিম যুবকের চরিত্রে। অন্যদিকে বুবলী অভিনয় করবেন একজন সুন্নি মুসলিম তরুণীর ভূমিকায়। চরিত্রের বিশেষ প্রয়োজনে এই দুই তারকাকে পর্দায় উর্দু ভাষায়ও বেশ কিছু সংলাপ বলতে দেখা যাবে।
পরিচালক জানান, বুবলী যেহেতু আপাতত তার সদ্যজাত সন্তান ও নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন, তাই তার প্রতি সংবেদনশীল থেকে ছবির অন্যান্য দৃশ্যের কাজ আগে শেষ করা হবে। জাহিদ হোসেন বলেন, ‘বুবলী নিজের পরিচর্যায় কিছুটা সময় নিচ্ছেন, তাই আমরা এর মধ্যে ছবির অন্যান্য অংশের শুটিংগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য পুরান ঢাকাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ ও মানসম্মত চলচ্চিত্র নির্মাণ করা।’
শুনতে বাণিজ্যিক চলচ্চিত্র মনে হলেও ‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে নির্মাতার পরিকল্পনা একেবারেই ভিন্ন। এটি মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোকে লক্ষ্য করেই নির্মাণ করা হচ্ছে, যা পরবর্তীতে দেশের প্রেক্ষাগৃহেও বড় পরিসরে মুক্তি দেওয়া হবে।
সময়ের আলো/জেডি